ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ১২ ইসলামী দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় খেলাফত আন্দোলনের নায়েবে আমির আহমদুল্লাহ আশরাফ, ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ নেজামীকে দুটি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
এর মধ্যে একটি মামলার বাকি ৩০ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের হেফাজত (রিমান্ড) মঞ্জুর করা হয়েছে। দ্রুত বিচার আইনের অপর মামলায় ১ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে ২০ আসামিকে।
শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাসুদ রানা ও উপপরিদর্শক মো. মোকতার হোসেন শনিবার রাতে এ দুটি মামলা দায়ের করেন। ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে এ দুটি মামলায়।
যুক্তরাষ্ট্রে ‘ইসলামের জন্য অবমাননাকর’ চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি দল কর্মসূচি দিলে শুক্রবার বিকাল ৫টা থেকে রাজধানীর পল্টন ও এর আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ।
ওই নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকাল সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মুসলিম সংগঠনগুলো মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এর জেরে তাৎক্ষণিকভাবে রোববার সারাদেশে হরতাল ডাক দেয় দলগুলো।
ওই ঘটনায় শনিবার রাত পর্যন্ত গ্রেপ্তার ৭৭ জনের মধ্যে ৩২ জনকে আটক রেখে বাকিদের রোববার ভোরে ছেড়ে দেয়া হয়।
শাহবাগ থানার পরিদর্শক আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেআইনি সমাবেশ করে পুলিশ এর কাজে বাধাদান ও জখম করা, যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগ, জনমনে ত্রাস সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর অভিযোগে দ্রুত বিচার আইনের দুটি ধারায় একটি এবং ফৌজদারী দণ্ডবিধি অনুযায়ী অপর মামলাটি করা হয়েছে।
মামলার দুটিরই এজাহারে বলা হয়েছে, ইসলামী দলগুলো সমাবেশ করার ঘোষণা দিলে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুলিশ কমিশনার নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু শনিবার বেলা ১২টায় আহমেদুল্লাহ আশরাফ ও মাওলানা জাফরুল্লাহ খানের নেতৃত্বে দলগুলোর নেতাকর্মীরা পুলিশের ওপর জুতা, ইট পাটকেল নিক্ষেপ করে এবং সড়ক অবরোধের চেষ্টা চালায়।
শাহবাগ থানা পুলিশ গ্রেপ্তার ৩২ জনকে রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দুই মামলায় আলাদাভাবে ৭ দিনের রিমান্ডের আবেদন করে।
অন্যদিকে এর বিরোধিতা করে আসামিদের জামিনের আবেদন করেন আসামিদের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, গোলাম মোস্তফা খান ও আব্দুর রাজ্জাক।
ফৌজদারী দণ্ডবিধির মামলায় রিমান্ড আবেদনের শুনানি শেষে মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান ৩০ জন আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আব্দুল লতিফ নেজামী ও আহমেদুল্লাহ আশরাফ ‘শারীরিকভাবে অসুস্থ’ হওয়ায় তাদের কারা হেফাজতে চিকিৎসা দেয়ার নির্দেশ দেন।
দ্রুত বিচার আইনে করা মামলাটিতে রিমান্ডের শুনানি শেষে ২০ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন মহানগর দ্রুত বিচার হাকিম সাইফুর রহমান। বাকি ১২ জনের রিমান্ডের আবেদন তিনি নাকচ করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএসটি/এএইচএ/কেটি/এলএইচ/জেকে/১৬৩৪ ঘ.
bdnews24