২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসক্লাবের সামনে সংঘর্ষ, হরতালের ডাক

হজরত মুহাম্মদকে (স.) নিয়ে অবমাননাকর চলচ্চিত্রের প্রতিবাদে মিছিলে বাধা পেয়ে তাৎক্ষণিকভাবে সারাদেশে হরতালের ডাক দিয়েছেন ইসলামী দলের এক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজরত মুহাম্মদকে (স.) নিয়ে অবমাননাকর চলচ্চিত্রের প্রতিবাদে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভরত ইসলামী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার সকাল সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মুসলিম সংগঠনগুলো মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সমাবেশে নিষেধাজ্ঞা দেয়ায় রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছেন খেলাফত আন্দোলনের মহাসচিব ও ইসলামী ১২টি দলীয় জোটের সদস্য সচিব মাওলানা জাফর উল্লাহ। এরপর হরতালের স্লোগান দিয়ে তার সমর্থকরা মিছিল শুরু করলে পুলিশের বাধার মুখে পড়ে। ইসলামবিরোধী বলে পরিচিতি পাওয়া ওই চলচ্চিত্রের প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি দল গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছিল। তারা কর্মসূচি দিলে পল্টন ও এর আশপাশ এলাকায় শুক্রবার বিকাল ৫টা থেকে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। ওই নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকালে মিছিলের চেষ্টা হলে তা প্রতিরোধ করা হয় বলে জাতীয় প্রেসক্লাবের সামনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। মহানগর পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “তারা মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করলে আমরা তাদের নিষেধাজ্ঞার কথা বোঝানোর চেষ্টা করি। কিন্তু তারা ইট ছুড়তে শুরু করলে আমাদের পদক্ষেপ নিতে হয়।” বিক্ষোভকারীদের মধ্যে জামায়াতে ইসলামীর কর্মীরা তৎপর ছিলেন বলে দাবি করেন তিনি। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ করে ইট ছুড়লে পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে। ওই সময় বিক্ষোভকারীরা প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে নয়া দিগন্তের এক সাংবাদিকের একটি মোটর সাইকেল জ্বালিয়ে দেয়। বিক্ষোভকারীদের ছোড়া ইটে কয়েকজন সাংবাদিকও আহত হন। তারা পুলিশের একটি গাড়িও ভাংচুর এবং তাতে আগুন দেয়ার চেষ্টা করে। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের কারণে প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকদেরও দুর্ভোগ পোহাতে হয়। পৌনে ১২টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে এরপর প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় বেশ অর্ধশত ব্যক্তিকে আটক করে পুলিশ। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতা আব্দুল লতিফ নেজামীও রয়েছেন। তিনি ইসলামী ঐক্যজোটের মহাসচিব। পুলিশের প্রেসক্লাবের দুই ফটকেই অবস্থান নিয়ে আছে। বাইরে বের হতে চাওয়া সন্দেহভাজনদের আটকও করছে তারা। পল্টন, কাকরাইল, দৈনিক বাংলা মোড়, বিজয়নগরসহ এর আশপাশের এলাকায় পুলিশের অবস্থান রয়েছে। সংঘর্ষের কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর দেড়টার দিকে প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল শুরু হয়। যুক্তরাষ্ট্রে নির্মিত বিতর্কিত এই চলচ্চিত্রকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলছে। বিক্ষোভ সংঘাতে রূপ নিয়ে শুক্রবার পাকিস্তানে অন্তত ১৯ জন নিহত হয়। ওই চলচ্চিত্রের নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই চলচ্চিত্রের ভিডিওক্লিপ প্রচার হওয়ার পর বাংলাদেশ সরকার ইতোমধ্যে ইউটিউব বন্ধ করে দিয়েছে। দিনাজপুর হরতালের আওতামুক্ত সারাদেশে হরতাল ডাকা হলেও দিনাজপুর জেলা হরতালের আওতামুক্ত থাকবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরউল্লাহ খান। দিনাজপুরে রোববার ১১ দলীয় জোটের জনসভা রয়েছে, যাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার যোগ দেয়ার কথা রয়েছে। জাফর উল্লাহ বলেন, “খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে রংপুর এবং দিনাজপুর জেলা হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।” যুক্তরাষ্ট্র দূতাবাসে নিরাপত্তা জোরদার ইসলামী দলগুলোর কর্মসূচির প্রেক্ষাপটে ঢাকার বারিধারায় যুক্তরাষ্ট্র দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার দুপুরে সেখানে গিয়ে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যকে পাহারায় দেখা যায়। বিতর্কিত ওই চলচ্চিত্রের প্রতিবাদে শুক্রবার বায়তুল মোকাররমে বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়, পোড়ানো হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কুশপুতুল। ওলামা-মাশায়েখ নেতারা যুক্তরাষ্ট্র দূতাবাস ঘেরাওয়েরও আওয়াজ তোলেন। এই চলচ্চিত্র ঘিরে লিবিয়ায় বিক্ষোভের মধ্যে হামলার শিকার হয় যুক্তরাষ্ট্রের মিশন। এতে রাষ্ট্রদূতসহ কয়েকজন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এমকে/এমআই/১৬২৭ ঘ.