২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রী মসিউরকে বলতে পারছেন না কেন’

পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক কথিত দুর্নীতিতে সরকারের উচ্চ পর্যায় ‘জড়িত’ বলেই মসিউর রহমানকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী বলতে পারছেন না বলে দাবি করেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 02:31 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক কথিত দুর্নীতিতে সরকারের উচ্চ পর্যায় ‘জড়িত’ বলেই মসিউর রহমানকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী বলতে পারছেন না বলে দাবি করেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার। মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “প্রধানমন্ত্রী মসিউর রহমানকে পদত্যাগ করতে বলতে পারছেন না। এর অর্থ কী? তিনি (প্রধানমন্ত্রী) জানেন- পদ্মা সেতুতে কী ঘটেছে,,, তিনি জড়িত।” জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি সমর্থিত গবেষণাধর্মী সংগঠন ‘গ্রুপ-নাইনের’ উদ্যোগে ‘দুর্নীতিগ্রস্ত সরকার : বিপদগ্রস্ত দেশ’ শীর্ষক এই আলোচনা সভা হয়। ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি পুনর্বিবেচনার জন্য কয়েকটি শর্ত দেয় সংস্থাটি। শেষ শর্ত হিসাবে মসিউর ছুটিতে গেলে বিশ্ব ব্যাংক তাদের আগের সিদ্ধান্ত বদলাবে বলে সংস্থাটির ঢাকার কর্মকর্তারা বলে আসছেন। ছুটিতে যাওয়া নিয়ে আলোচনায় থাকা প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর সকালে বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের বলেছিলেন, এই সরকারের মেয়াদে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করা সম্ভব কি না, তা নিয়ে তার সংশয় রয়েছে। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, “এ থেকে বোঝা যায়, তারা এমন অপকর্ম করেছেন, বিশ্ব ব্যাংক অর্থায়ন করতে রাজি হবে না। সেজন্য তিনি এরকম আশঙ্কা প্রকাশ করেছেন।” দুর্নীতিতে জড়িত থাকার কথা স্বীকার করতে মসিউর রহমানের প্রতি আহ্বান জানান সাবেক মন্ত্রিপরিষদ সচিব আনোয়ার। বক্তব্যে তিনি দেশের বর্তমান অর্থনৈতিক দুরবস্থা, শেয়ারবাজার ও হলমার্ক কেলেঙ্কারির জন্য বর্তমান সরকারের সমালোচনা করেন। পাশাপাশি বিদ্যুৎ খাতে লুটপাট করা হচ্ছে বলেও অভিযোগ করেন এম কে আনোয়ার। সংসদ সদস্য আনোয়ার বলেন, “দেশ থেকে দুর্নীতি দূর করার জন্য প্রয়োজন বর্তমান সরকারের অপসারণ। নির্দলীয় সরকারের দাবি পূরণে সরকারকে বাধ্য করতে রাজপথে আন্দোলনের কোনো বিকল্প নেই।” জি-নাইনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শফিক রেহমান, সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/২০২১ ঘ.