২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুনরা ‘উদ্যম’ আনবে, বিশ্বাস দিলীপের

‘কোরামিন ইনজেকশন’ দিলে রোগী যেমন নতুন করে চলার শক্তি পায়, তেমনি মন্ত্রিপরিষদে নতুন সাত সদস্যের অন্তর্ভুক্তিও মহাজোট সরকারের পথচলায় উদ্যম আনবে বলে করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 09:02 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘কোরামিন ইনজেকশন’ দিলে রোগী যেমন নতুন করে চলার শক্তি পায়, তেমনি মন্ত্রিপরিষদে নতুন সাত সদস্যের অন্তর্ভুক্তিও মহাজোট সরকারের পথচলায় উদ্যম আনবে বলে করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। নতুন মন্ত্রীদের নিয়োগের পর প্রধান বিরোধী দল বিএনপির সমালোচনার জবাবে দিলীপ বলেন, “আমি বিরোধীদলকে বলতে চাই, কোরামিন (ইনজেকশন) দিলে রোগী সুস্থ হয়ে নতুন করে চলার পথ (শক্তি) পায়।” শুক্রবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩২ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা বলেন দিলীপ বড়ুয়া। বৃহস্পতিবার পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথের পর বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের মেয়াদের শেষ সময়ে মন্ত্রিসভার এই সম্প্রসারণকে সরকার রক্ষার ‘কোরামিন’ হিসাবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “সরকারের সময় শেষ হয়ে গেছে। জনগণের কাছ থেকে জনপ্রিয়তা ও আস্থা হারিয়ে এখন বিভিন্ন কোরামিন ও অ্যান্টিবায়োটিক দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা হিসেবে এই মন্ত্রিসভার সম্প্রসারণ। এতে কোনো কাজ হবে না।” কেন্দ্রীয় গণ গ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় দিলীপ বড়ুয়া বলেন, আগামীতে আবার ক্ষমতায় যাওয়ার জন্য মহাজোটের নেতাদেরকে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখতে হবে। “যে কাজ করলে জনগণ খুশি আমাদের তা করতে হবে”, বলেন তিনি। জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য করে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না বলেও মন্তব্য করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। তিনি বলেন, “বিরোধী দলের আন্দোলন কেবল পত্রিকা আর টেলিভিশনের মধ্যেই সীমাবদ্ধ।” বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা শেখ মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করীম ও এশিয়ান গ্রুপের পরিচালক হারুন-অর-রশীদ সভায় বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএএইচ/জেকে/১৪৫৮ ঘ.