২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষক’ মসিউরকে চলে যেতে বললেন ফখরুল

কয়েকদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউরের পদত্যাগের আলোচনা ধরে সৃষ্ট বিতর্কের মধ্যে বিএনপি এ দাবি তুললো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 02:20 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের পদত্যাগ চেয়েছে বিএনপি। কয়েকদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউরের পদত্যাগের আলোচনা ধরে সৃষ্ট বিতর্কের মধ্যে বিএনপি এই প্রথমবারের মতো তার পদত্যাগের দাবি তুললো। দলটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক অনুষ্ঠানে বলেছেন, “যখন বিশ্বব্যাংক অভিযোগ তুলেছে, তখনই তার (মসিউর রহমান) পদত্যাগ করা উচিৎ ছিলো।’’ পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির সঙ্গে সংশ্লিস্টতা অস্বীকার করে ইতোমধ্যেই তার পদত্যাগ করার দাবি উড়িয়ে দিয়েছেন উপদেষ্টা। সাবেক আমলা মসিউর এক সময় মির্জা ফখরুলের শিক্ষক ছিলেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘‘তিনি বলেছেন, ‘যতক্ষণ দুর্নীতি প্রমাণ না হবে, ততক্ষণ আমি পদত্যাগ করব না।’ ছি:! উপদেষ্টাকে ধিক্কার জানাই তার এরকম বক্তব্যের জন্য।’’ ফখরুল বলেন,‘‘রাষ্ট্রপরিচালনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ। ব্যাংকিং খাতে আজ ডাকাতি-লুট চলছে। হলমার্ক সোনালী ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা লুট করেছে। অন্যান্য ব্যাংক থেকেও ১০ হাজার কোটি টাকা লুটের খবর বেরিয়েছে। এসব দেখে মনে হয় না- দেশে কোনো সরকার আছে।’’ পদ্মাসেতুর দুর্নীতির সঙ্গে সরকারের ‘রুই-কাতলা’দের নাম রয়েছে দাবি করে তিনি বলেন, এই কারণে বিশ্ব ব্যাংকের দেয়া চিঠি জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার ৪র্থ কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পান। ফখরুল আরো বলেন,‘‘ওই চিঠিতে সরকারের অনেক রুই-কাতলার নাম বেরিয়ে আসবে বলে- এই ভয়ে তারা চিঠিগুলো জনসমক্ষে প্রকাশ করছে না। পত্র-পত্রিকায় শুনেছি- কানাডা থেকে কেউ কেউ বাড়ি-ঘর ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। সেখানে ইতিমধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। কানাডার আদালতে বিচারও চলছে।’’ গত কয়েকদিনে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপির সহযোগী ছাত্রসংগঠন ছাত্রদলের ওপর সরকার সমর্থক ছাত্রলীগ কর্মীরা হামলা করেছে জানিয়ে তিনি বলেন, ‘‘কিভাবে ছাত্রদলের নেতা-কর্মীকে পিটানো হয়েছে, ছুরিকাঘাত করা হয়েছে, তা দেশবাসী দেখেছেন। বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠান একজন মাত্র দুর্নীতিবাজ উপাচার্যের কারণে দীর্ঘদিন অচলাবস্থায় পড়েছিলো। এভাবে আমাদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।’’ প্রকৌশল (বুয়েট ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিও কলেন এই বিএনপি নেতা। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান সারওয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, কেন্দ্রীয় নেতা রেহান উদ্দিন রেহান, নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০১৬ ঘ.