খুলনা, সেপ্টম্বর ১০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর আলীয়া মাদ্রাসায় সোমবার তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগ ও শিবির সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
এ সময় ছাত্রবাসের কয়েকটি কক্ষ ভাঙচুরও করা হয়। পরে শিক্ষকরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে।
আহতদের মধ্যে রয়েছেন ছাত্রলীগকর্মী ফাহাদুজ্জামান, ইব্রাহিম খলিল রাফী, নাঈমুর রহমান, তৌহিদ, অনিক, ছোট নাঈম, সবুজ, রাকিব এবং শিবিরের মাহামুদুল¬াহ, বদরুজ্জামান ও মাহফুজুর রহমান।
এদের মধ্যে ফাহাদুজ্জামান, ইব্রাহিম খলিল ও নাঈমুরকে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, দুপুর ১টার দিকে ছাত্রলীগকর্মী নবম শ্রেণীর ছাত্র মো. ফাহাদুজ্জামানসহ আরো দু’জন ছাত্রবাসে পানি খেতে যায়।
এ সময় মাদ্রাসা শাখা শিবিরের সভাপতি রহমতউল্ল¬াহসহ শিবিরকর্মীরা তাদের ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে।
খবর পেয়ে ছাত্রলীগকর্মীরা এগিয়ে গেলে সংঘর্ষ শুরু হয়।
ছাত্রলীগকর্মী মো. ফাহাদুজ্জামান বলেন, বিনা উস্কানিতে শিবিরকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে।
শিবিরকর্মী বদরুজ্জামান বলেন, ছাত্রলীগকর্মীরা তাদের উপর অর্তকিত হামলা চালায়।
মাদ্রাসার অধ্যক্ষ আ খ ম জাকারিয়া বলেন, দু’ছাত্রের ব্যক্তিগত বিষয় নিয়ে প্রথমে হাতাহাতি এবং পরে সংর্ঘষ হয়েছে। এ ঘটনায় ৭/৮ জন শিক্ষার্থী কমবেশি আহত হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাদ্রাদার ছাত্রাবাস বন্ধ করে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ বলেন, সংর্ঘষের পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24