ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টা লটারির মাধ্যমে মনোনীত করতে আকবর আলি খানের প্রস্তাব উড়িয়ে দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার এক আলোচনা সভায় লটারির পাশাপাশি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিও প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
জাতীয় প্রেসক্লাবে সুরঞ্জিত বলেছেন, “সুশীল সমাজের কিছু সদস্য নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন দিচ্ছেন। আমার বন্ধু আকবর আলি খানও সেদিন বলেছেন, লটারি করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ দেয়া যেতে পারে।
“আমি বলতে চাই, লটারি করে কোনো দেশে নির্বাচন কখনো সম্ভব নয়। এ ভাবে নির্বাচন হতে পারে না।”
নির্বাচনকালীন সরকার পদ্ধতি পুনর্বহালে দুই প্রধান রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানের মধ্যে গত শনিবার এক আলোচনা সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি লটারির প্রস্তাব তোলেন।
সুরঞ্জিত সুশীল সমাজের উদ্দেশে বলেন, “আপনারা বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে বলুন। প্রধানমন্ত্রীর সর্বশেষ প্রস্তাব দেশব্যাপী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে এখন নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে। তবে বিরোধী দলকে নির্বাচনে আনতে নির্বাচনকালীন সরকারে তাদেরও স্থান দিতে আপত্তি নেই বলে জানিয়েছেন শেখ হাসিনা।
সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত বলেন, প্রধানমন্ত্রী যে রূপরেখা দিয়েছেন সেভাবে নির্বাচন হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলেও সর্বদলীয় সরকারের মাধ্যমে হতে পারে।
“সংসদে এসে নির্বাচন বিষয়ে কথা বললেও আলোচনা হতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই যুক্তিসঙ্গত প্রস্তাব আনতে হবে,” বিরোধী দলের উদ্দেশে বলেন তিনি।
নির্বাচন নিয়ে রাজনৈতিক সমঝোতার বিষয়ে সুরঞ্জিত বলেন, “একটি দেশে নির্বাচন দুটি পথে হতে পারে- সংবিধানের নির্দেশ মতো, না হলে সর্বদলীয় সমঝোতার মাধ্যমে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্তে আসা যেতে পারে। তবে অন্য কোনো পথে নয়।”
জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত। সকাল ১১টায় এই সভা শুরুর কথা ছিল। তবে তিনি দেরিতে আসায় সভায় শুরু হয় দুপুর পৌনে ১টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/এমআই/১৬২৭ ঘ.
bdnews24