২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পালানোর পথ নেই’

“বাংলাদেশের উত্তরে পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর আর তার মাঝে ১৬ কোটি জনগণ। কেলেঙ্কারির জবাব না দিয়ে আপনাকে পালিয়ে যেতে দেয়া হবে না”- অর্থমন্ত্রীর উদ্দেশে বলেছেন বিএনপির মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 08:59 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্কসহ বর্তমান সরকারের সময় হওয়া ‘সব অর্থ কেলেঙ্কারির’ জবাব অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, “পুঁজিবাজার, ডেসটিনি, কুইক রেন্টাল পাওয়া প্ল্যান্ট থেকে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। হলমার্কের মাধ্যমে সোনালী ব্যাংকের অর্থ লুট হয়েছে। পদ্মাসেতু প্রকল্পে ঘটে গেছে বিশাল দুর্নীতি। এসবের জবাব অর্থমন্ত্রীকেই দিতে হবে।’’ “উনি (অর্থমন্ত্রী) বলেছেন, গত ৯ মাস ধরে চলে যাওয়ার চেষ্টা করছেন। আমরা তাকে বলতে চাই- বাংলাদেশের উত্তরে পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর আর তার মাঝে ১৬ কোটি জনগণ। এসব কেলেঙ্কারির জবাব না দিয়ে আপনাকে পালিয়ে যেতে দেয়া হবে না। আপনার সরকারেরও পালানো কোনো পথ নেই”, হুঁশিয়ার করেন ফখরুল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় সোনালী ব্যাংক থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলার তথ্য বেরিয়ে আসে। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই তুলে নেয় দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি। এই কেলেঙ্কারির ঘটনায় ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন অর্থমন্ত্রী মুহিত। ওই অর্থ ‘খুব বেশি নয়’ মন্তব্য করে পরে আবার তা প্রত্যাহারও করেন। অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে সোমবার একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তিনি গত নয় মাস ধরে দায়িত্ব থেকে ‘পালানোর চেষ্টা’ করলেও পারেননি। তবে পদত্যাগ বা অবসরের ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেননি। পদত্যাগের দাবি তোলায় রোববার মির্জা ফখরুলেরও সমালোচনা করেন মুহিত। তিনি বলেন, “উনি প্রায়ই অসত্য বক্তব্য দেন। আমি উনাকে খুব বেশি চিনি না। একটু একটু পরিচয় আছে। কিন্তু আমি দেখি, উনার স্টাইলটা এ রকম- অসত্যটা উনি খুব ভাল করে সামনে তুলে ধরেন।” নব্বইয়ের ছাত্র নেতৃবৃন্দের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভা হয়। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে তারেক চিকিৎসার জন্য লন্ডন যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তারেক রহমানের বিরুদ্ধে সরকার একের পর এক ‘মিথ্যা’ মামলা দায়ের করেছে অভিযোগ করে ফখরুল বলেন, “রাজনীতি থেকে দূরে রাখতে এবং দেশে ফেরার পথ রুদ্ধ করতেই সরকার এভাবে মিথ্যা মামলা দিচ্ছে।” বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের চলমান আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বাবাও একদিন সংসদে লাল ঘোড়া দাবড়ানোর কথা বলেছিলেন। আজ তার কন্যা বুয়েটের আন্দোলন সম্পর্কে বলেছেন, কঠোর ব্যবস্থা নেয়া হবে। যখন স্বৈরাচারী শাসকের পতনের ঘনিয়ে আসে, তখন এ রকম হুংকার দিয়ে থাকে।” নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সাবেক ছাত্র নেতা শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, খন্দকার লুৎফর রহমান, আসাদুজ্জামান আসাদ, সাইফুদ্দিন মনি, হেলেন জেরিন খান, আজিজুল বারী হেলাল, এ বি এম মোশাররফ হোসেন, সুলতান সালাহউদ্দিন টুকু বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৬১০ ঘ.