ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে উপস্থিতির দিক দিয়ে পুরুষ সহকর্মীদের তুলনায় অনেকটাই এগিয়ে আছেন নারী সাংসদরা।
বেসরকারি সংস্থা সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সংসদে নারী সদস্যদের উপস্থিতির হার ৮০ শতাংশ, যেখানে পুরুষ সাংসদদের উপস্থিতির হার মাত্র ৫০ শতাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাতের করা ওই গবেষণা প্রতিবেদনে সংসদে নারী সদস্যদের ভূমিকা জোরদার করার বিষয়ে বেশ কিছু সুপারিশও তুলে ধরা হয়।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই গবেষণা প্রতিবেদনের ওপর এক আলোচনা সভায় বক্তারা সংসদের প্রচলিত আইন সংশোধনের দাবি জানান।
প্রধান অতিথির বক্তৃতায় সংরক্ষিত নারী আসনের সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, “সামগ্রিক উন্নয়নে নারীরা ভবিষ্যতে আরো বেশি ভূমিকা রাখবে, যদি তারা নির্বাচিত হয়ে আসতে পারে। যেহেতু আমরা নির্বাচিত নই, তাই নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে আমাদের কিছুটা দ্বন্দ্ব থেকেই যায়।”
অন্যদের মধ্যে হুইপ সেগুফতা ইয়াসমিন এমিলি, সংসদ সদস্য বেবী মওদুদ, রুবী রহমান, রওশন জাহান সাথী ও জোবেদা খাতুন পারুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/আরএ/১৫৫০ ঘ.
bdnews24