২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিন চৌধুরীর অভিযোগ নাকচ নৌমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ঠিকাদার নিয়োগ প্রশ্নে চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে ‘দ্বন্দ্বের’ অভিযোগ অস্বীকার করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ঠিকাদার নিয়োগ প্রশ্নে চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে ‘দ্বন্দ্বের’ অভিযোগ অস্বীকার করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। একইসঙ্গে এই টার্মিনালে ঠিকাদার নিয়োগ নিয়ে মহিউদ্দিন চৌধুরীর আনা কথিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগও নাকচ করে দেন তিনি। বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নৌমন্ত্রী বলেন, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ঠিকাদার নিয়োগের প্রশ্নে কোনো অনিয়ম, দুর্নীতি বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। যা করা হচ্ছে তা সরকারি বিধি-বিধান মোতাবেক করা হচ্ছে। বন্দরে ঠিকাদার নিয়োগ প্রশ্নে কোনো বিশেষ মহল ‘পানি ঘোলা করার’ অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। শাজাহান খান দাবি করেন, বন্দরের শ্রমিক ও ব্যবহারকারী, চট্টগ্রামের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ বন্দর পরিচালনায় সন্তোষ প্রকাশ করছেন। “এ কৃতিত্বের দাবিদার শুধু আমি বা নৌ-মন্ত্রণালয় বা বন্দর কর্তৃপক্ষ নয়, চট্টগ্রাম বন্দরের শ্রমিক, বার্থ অপারেটরসহ ব্যবহারকারী, সব পর্যায়ের জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা এর দাবিদার।” অভিযোগ প্রসঙ্গে শাজাহান খান বলেন, চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটি বর্তমান সরকারের সময়ে এ পর্যন্ত ছয়টি নিয়মিত সভা করেছে। সভায় বন্দরের উন্নয়নে ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন পরামর্শ ও মতামত পাওয়া গেছে। এসব পরামর্শের অনেকগুলো এরইমধ্যে বাস্তবায়ন হয়েছে, বাকিগুলো বাস্তবায়নের প্রচেষ্টা চলছে। “বন্দর রক্ষার নামে বিভিন্ন পত্রিকায় যেসব দাবি-দাওয়া উত্থাপন হয়েছে, এগুলো উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে মহিউদ্দিন ভাই বা অন্য কোনো সদস্য বন্দর উপদেষ্টা কমিটির সভায় উত্থাপন করেননি। উত্থাপন হলে এসব নিয়ে আলোচনা করা যেত,” বলেন নৌমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১৩৯ ঘ.