রাজবাড়ী, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী জেলা বিএনপির নেতা ও জেলা যুবদলের সাবেক সভাপতি এস এম শামসুল আলম বাবলুকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জেলার পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, বৃহস্পতিবার মাঝরাতে শহরের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বাবলু ঠিকাদারী ব্যবসা করতেন। তার বাবার নাম আব্দুল হামিদ।
পরিবারের সদস্যরা জানান, রাত ১টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা বাবলুকে গুলি করে রাস্তায় ফেলে রেখে যায়। রক্তাক্ত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ সুপার রেজাউল হক ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ সেখান থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।
ময়নাতদন্তের জন্য বাবলুর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩৫ ঘ.
bdnews24