২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের মুদ্রা পাচার: অভিযোগ গঠনের শুনানি ফের ২০ সেপ্টেম্বর

বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে লন্ডনে মুদ্রা পাচারের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি হবে ২০ সেপ্টেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে লন্ডনে মুদ্রা পাচারের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি হবে ২০ সেপ্টেম্বর। ঢাকার তিন নম্বর বিশেষ জজ মো. মোজাম্মেল হোসেন রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবারবার এই তারিখ দেন। গত বছরের ২২ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহীম ক্যান্টনমেন্ট থানায় মামুনের বিরুদ্ধে এ মামলা করেন। চারদলীয় জোট সরকারের সময়ে মামুন চার লাখ ১৮ হাজার ৮৫৩ পাউন্ড অবৈধভাবে বিদেশে স্থানান্তর করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়। একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ পাচার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। পুলিশ গত ২৯ এপ্রিল এ মামলায় অভিযোগপত্র দেয়। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক গত ১৫ মে অভিযোগপত্রটি গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে পাঠান। অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে ১৩ জনকে সাক্ষী রাখা হয়েছে। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মামুনকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে অবৈধ ব্যবসা ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা করা হয়। দুটি মামলায় তাকে সাজাও দেয় আদালত। তখন থেকেই কারাগারে রয়েছেন বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের ভাই গিয়াসউদ্দিন আল মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৮০৪ ঘ.