ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবনে বারবার মৃত্যুর মুখোমুখি হলেও বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১ অগাস্টের গ্রেনেড হামলার বার্ষিকীতে মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে ফুল দেওয়ার পর বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন।
শেখ হাসিনা বলেন, “একেকবার হত্যার চেষ্টা থেকে ফিরে এসে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ছি।”
“বাংলাদেশে যেন অসাংবিধানিক ও অগণতান্ত্রিক শক্তির হাতে আর না যায়, সেজন্য কাজ করছি,” বলেন তিনি।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ অন্তত ২৪ জন নিহত এবং বহু আহত হন।
শেখ হাসিনাকে হত্যার উদ্দেশেই ওই হামলা চালানো হয় বলে মামলার তদন্তে বেরিয়ে এসেছে। অভিযোগপত্রে বলা হয়েছে, বেশ কয়েকবার হামলা চালিয়ে ব্যর্থ হওয়ার পর ২১ অগাস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা হয়।
গ্রেনেড হামলার ওই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ বিএনপি জামায়াত-জোট সরকারের কয়েকজন মন্ত্রীও আসামি।
গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে শেখ হাসিনা ওই হামলার জন্য বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করেন।
তিনি বলেন, “ব্রিটিশ হাইকমিশনারের ওপর হামলার পর আমরা মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি। শেষে রাতে অনুমতি দেওয়া হয়। কেন তা দেওয়া হয়েছিল, আমরা তো পরিকল্পনা বাদই দিয়েছিলাম।
“আমি বক্তৃতা শেষ করার সঙ্গে সঙ্গে একে একে ১৩টি গ্রেনেড ফোটানো হল। যারা গ্রেনেড ছুড়েছিল, তারা চলে গেলে, আর যারা সেখানে উদ্ধার কাজ (হতাহতদের) চালাচ্ছিল, তাদের ওপর পুলিশ টিয়ার গ্যাস ছুড়ল, লাঠিপেটা করল।”
হামলার পর উদ্ধার করা অবিস্ফোরিত গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে আলমত নষ্ট করা হয়েছিল বলেও দাবি করেন সরকার প্রধান।
গ্রেনেড হামলাসহ সব হত্যাকাণ্ডের বিচারের অঙ্গীকার করে শেখ হাসিনা বলেন, “ষড়যন্ত্রকারীদের বিচার এই বাংলার মাটিতে হবেই।”
বঙ্গবন্ধু এভিনিউতে স্থাপিত শহীদ বেদীতে সকাল ১১টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ প্রধান হিসেবে দলীয় নেতাদের নিয়ে ফুল দেন শেখ হাসিনা।
ফুল দেওয়ার পর নিহতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত হয়। প্রধানমন্ত্রী ওই হামলায় আহতদের সঙ্গেও কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়াও সেখানে বক্তব্য রাখেন।
আশরাফ বলেন, “যারা ভূমিদস্যুদের টাকায়, উলফার টাকায় সংবাদপত্র চালায়, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না; তারা ঐক্যবদ্ধ হয়েছে গণতন্ত্র নস্যাৎ করতে।”
গণতন্ত্র নস্যাতের চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগ ছাড়াও জাসদ, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি ও সাম্যবাদী দলের পক্ষ থেকে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩০০ ঘ.
bdnews24