চট্টগ্রাম, অগাস্ট ০৯ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম - অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন কার্যকরের পথে একটি প্রভাবশালী মহল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের জেএম সেন হলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মসভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, “মহাজোট সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন পাস করে। কিন্তু একটি প্রভাবশালী মহল তা চায় না বলে আমার মনে হচ্ছে। দুটি তফসিল হয়েছে, সম্পত্তি ফিরে পাওয়ার জন্য কাগজপত্রের দরকার রয়েছে। সেজন্য ১২০ দিনের সময় নির্ধারণ করে দেওয়া হয়।”
তবে ওই প্রভাবশালী মহলের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি দপ্তরবিহীন মন্ত্রী।
তিনি বলেন, “সময় নির্ধারণ করে দেওয়ার পর সেই সময় শেষ হয়েছে। এখন মন্ত্রণালয় সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সময় পাওয়া যাবে ঠিকই, কিন্তু এটি কার্যকর বিলম্বিত করতে একটি মহল সময় ক্ষেপণের চেষ্টা করবে।”
“অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন নিয়ে আপনাদের আবেগ-উচ্ছ্বাস থাকলেও সজাগ থাকতে হবে, এই আইনের সুফল যাতে প্রকৃত ভুক্তভোগীরা পায় এ জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।”
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ পালিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আ জ ম নাসির উদ্দিন, হিন্দুধর্মীয় ট্রাস্টি রাখাল দাশগুপ্ত, অ্যাডভেঅকেট সুখময় চক্রবর্তী, অ্যাডভোকেট চন্দন তালুকদার প্রমুখ।
এর আগে ধর্মসভার উদ্বোধন করেন কৈবল্যধামের মহারাজ অশোক কুমার চট্টোপাধ্যায়।
এর আগে সকালে চারদিনের জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন হয় মহাশোভাযাত্রার মধ্য দিয়ে। এ সময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ হিন্দু স¤প্রদায়ের নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এএল/২৩০৬ ঘ.
bdnews24