ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সংঘাতময় পরিস্থিতির শঙ্কা প্রকাশ করে তা এড়াতে ধর্মে মন দিতে দুই প্রধান রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে আওয়ামী লীগ-বিএনপির মুখোমুখি অবস্থানের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, “দুটি দল বাকযুদ্ধ করছে। রোজার মাসে তারা কেউ স্মরণ করে না, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারে না। ক্ষ্যামা দেন, নামাজ পড়েন। মানুষকে শান্তিতে থাকতে দেন।”
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে রোববার জাতীয় পার্টি আয়োজিত ইফতার অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান একথা বলেন।
‘আগামীতে সংঘাতময় পরিস্থিতি দেখছি’ শঙ্কা প্রকাশ করলেও নির্বাচনের প্রস্তুতি রাখার কথাও বলেন তিনি।
এরশাদ বলেন, “দুর্যোগ হবে, ধর্মঘট হবে, গণতন্ত্র ব্যাহত হবে, যানবাহন জ্বলবে, মানুষ মরবে, এ আশঙ্কা সবাই করছি। নির্বাচন হবে কি না, এ নিয়েও অনেকেরই সংশয় আছে। তবে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।”
আগামী নির্বাচনের জন্য জাতীয় পার্টি দুইশ আসনের প্রার্থী ঠিক করেছে জানিয়ে তিনি বলেন, “আরো একশ আসনের প্রার্থী ঠিক করতে হবে। এজন্য ঈদের পর জেলায় জেলায় গিয়ে মিটিং করব।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে জাতীয় পার্টি থাকলেও তারা আগামী নির্বাচন এককভাবে করার ঘোষণা দিয়েছে।
নির্বাচনকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রীর প্রস্তাব জাতীয় পার্টির ‘বিবেচনা’ করবে বলেও জানান এরশাদ।
তিনি বলেন, “সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রীর প্রস্তাব দলের আদর্শ ও নীতি মেনে পরীক্ষা-নিরীক্ষা করে বিবেচনা করব।”
লন্ডনে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারে বিরোধী দলকে যোগ দেওয়ার প্রস্তাব দেন। ওই প্রস্তাব বিএনপিকে উদ্দেশ্য করে দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে।
আগামীবার ক্ষমতায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করে জাপা চেয়ারম্যান বলেন, “উপজেলা করেছিলাম, এবার ক্ষমতায় গিয়ে প্রাদেশিক সরকার করতে চাই। প্রাদেশিক সরকারের বিকল্প আর কিছু নেই। আজ হোক কাল হোক প্রাদেশিক সরকার হবেই।”
অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদারও নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “নির্বাচনকে সামনে রেখে কালো মেঘ আসে। এবারের মেঘ তীব্রতর।”
আওয়ামী লীগ ও বিএনপিকে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২২১০ ঘ.
bdnews24