ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকল্প ধারা বাংলাদেশের ইফতার মাহফিলে যোগ দিয়েছেন খালেদা জিয়া। সংসদ ভবনে এই ইফতার মাহফিলে তিনি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পাশেই বসেছিলেন।
রাজনৈতিক নেতাদের সম্মানে বৃহস্পতিবার সংসদের এলডি ভবনে ইফতার মাহফিলের আয়োজন করেন বিকল্পধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরী।
ইফতার মাহফিলে মঞ্চের কেন্দ্রস্থলে উঁচু দুটি চেয়ারে বসেন বিরোধীদলীয় নেতা খালেদা ও বি চৌধুরী। খালেদার পাশে ছিলেন যথাক্রমে ব্যারিস্টার রফিক উল হক ও কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
অন্যদিকে বি চৌধুরীর পাশে ছিলেন যথাক্রমে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফরওয়ার্ড পার্টির সভাপতি আ ব ম মোস্তফা আমিন ও বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান।
বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বি চৌধুরী পরে রাষ্ট্রপতিও হন। ২০০১ সালে খালেদা জিয়া সরকার গঠনের পর রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।
তবে রাষ্ট্রপতি থাকাকালে দলের ইচ্ছায় তাকে পদত্যাগ করতে হয়। পরে তিনি এবং ছেলে মাহি বি চৌধুরী বিকল্পধারা নামে আলাদা দল গঠন করেন।
বিকল্পধারা পরে বিএনপি ছেড়ে আসা অলি আহমদ নেতৃত্বাধীন দল এলডিপির সঙ্গে একীভূত হলেও পরে আলাদা হয়ে যায়। দুটি দলই গত সাধারণ নির্বাচনের আগে আওয়ামী লীগের কাছাকাছি থাকলেও এখন বিএনপির দিকে ঝুঁকেছে।
এলডিপি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যোগ দিলেও বিকল্পধারা এখনো দেয়নি। তবে বিএনপির বিভিন্ন বড় কর্মসূচিতে তারা সংহতি প্রকাশ করে আসছে।
ইফতার শুরুর আগে বিএনপি চেয়ারপারসন আমন্ত্রিত রাজনৈতিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাতেও অংশ নেন তিনি।
বিকল্পধারার এই ইফতার মাহফিলে ক্ষমতাসীন মহাজোট শরিক জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে নাগরিক ঐক্যের সদস্য সচিব মাহমুদুর রহমান মান্না।
এছাড়াও ছিলেন বিএনপি নেতা আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, সভাসভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা মহসিন মন্টু, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফুর রহমান প্রমুখ।
ইফতার মাহফিলে বিকল্পধারার সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল আমিন ব্যাপারী, অধ্যাপক আবু মুজাফফর আহমেদ, আবদুর রউফ মান্নান, মাহবুব আলী, সাহিদুর রহমান, ওয়াহিদ উদ্দিনসহ কেন্দ্রীয় নেতা ও কর্মীরা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০১৫ ঘ.
bdnews24