২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করুন’

সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের পর আবারো এ কথা বলেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির দায় নিয়ে সরকারকে আবারো পদত্যাগ করার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। তিনি বলেন, “সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ করার মধ্য দিয়ে এখন আর কোনো অবকাশ নেই- পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি। তাই এখন সরকারের উচিত নৈতিককারণে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া।” দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে গত ২৯ জুন বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে তাদের ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে। বিশ্ব ব্যাংকের অভিযোগের মধ্যেই ডিসেম্বরে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আবুল হোসেনকে। সর্বশেষ সোমবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন তিনি। এরই মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা প্রকাশ করেছেন, সব শর্ত পূরণ হওয়ায় পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসবে বিশ্ব ব্যাংক। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ‘নির্দলীয় সরকার ও আজকের বাস্তবতা’ শীর্ষক এই আলোচনা সভা হয়। ফখরুল বলেন, “বিশ্বব্যাংক সরকারের কাছে দেওয়া চিঠিতে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে বলেছে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশ্বব্যাংকের একটি প্যানেলসহ দুর্নীতি দমন কমিশনকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। কিন্তু সরকার তা করেনি। তাই তারা ঋণচুক্তি বাতিল করে দেয়।” সরকার মানুষের কাছে দেওয়া একটি প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেনি বলে দাবি করে বিএনপি মুখপাত্র বলেন, “তারা এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেজন্য নির্দলীয় সরকারের বিধান বাতিল করে তারা নিজেদের অধীনে আবার ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে।” কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জমান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি’র সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০৩৫ ঘ.