চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর নামে ‘চাঁদা তুলে’ ভাগাভাগির কারণে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
‘পদ্মা সেতু নির্মাণ নিয়ে দুর্নীতির’ প্রতিবাদে রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে এক সমাবেশে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের নামে শুধু রাস্তা ঘাটে নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতেও চাঁদাবাজি করা হচ্ছে।
“চট্টগ্রাম বন্দরের টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের টাকা কোথায় কোথায় ব্যয় হবে তা আইনে সুর্নিদিষ্টভাবে বলা আছে। অথচ সরকারের দুর্নীতির ফলে এসব প্রতিষ্ঠানের টাকাও ঝাপ্টাবাজি করে নিয়ে যাওয়া হচ্ছে।”
পদ্মা সেতুর নামে চাঁদা তোলা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্র নিহতের প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, “চাঁদা দিয়ে দেশের উন্নয়ন হবে তা শুধু বাংলাদেশেই শোনা যায়। দেশকে সরকার চাঁদা ভিত্তিক উন্নয়নের দেশ হিসেবে গড়ে তুলতে চায়।”
ক্ষমতাসীনদের তিনি হুঁশিয়ার করেন, পদ্মা সেতুতে ‘সরকারের দুর্নীতির’ বিচার আগামীতে করা হবে।
চট্টগ্রাম নগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশে অন্যদের মধ্যে মহাগর বিএনপি জ্যেষ্ঠ সহ সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/১৭৪০ ঘ.
bdnews24