ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের হাতে গেপ্তার হিযবুত তাহরীরের ছয় সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত।
শনিবার ঢাকার দুইজন মহানগর হাকিম সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা দুটি পৃথক মামলায় তাদের জামিন আবেদন নাকচ করে হেফাজতে পাঠানোর এ আদেশ দেন।
গেপ্তার হওয়া ডা. মো. মনিরুল হক, শাহরিজ কবির, আদনান আহমেদ, তারেক আজিজ, শাহরিয়ার রহমান, রিয়াজ আহমেদকে নিউমার্কেট ও পল্লবী থানার দুটি মামলায় হেফাজতে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম ফারহানা ফেরদৌস এবং হারুন অর রশীদ ।
গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে তাদেরকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ল্যাপটপ, খেলাফতের আহ্বান সম্বলিত প্রচারপত্র ও জিহাদি বইসহ গ্রেপ্তার করে র্যাব।
হেফাজত মঞ্জুরের এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন এ আদালতের প্রসিকিউশন বিভাগের প্রধান পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান।
তিনি জানান, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী ডা. মনিরুল হকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আরো মামলা বিচারাধীন রয়েছে। তাকে এর আগে ২০০৮ এবং ২০১১ সালে গ্রেপ্তার করা হয়। ওইসব মামলায় জামিনে মুক্তি পেয়ে তিনি আবারো নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের কর্মকান্ডে জড়িয়ে পড়েন।
তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার সাত দিন করে হেফাজতের আবেদন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০২৩ ঘ.
bdnews24