ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমনের পরিবর্তে বিরোধী দলকে হয়রানির জন্য দুর্নীতি দমন কমিশনকে সরকার ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ।
দুর্নীতি দমন কমিশনকে ব্যবহারের পাশাপাশি পুলিশ দিয়েও বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় মওদুদ বলেন, “সরকারের এখন রাজনৈতিক এজেন্ডা, কীভাবে বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি করে দাবিয়ে রাখা যায়।
“এই কাজে সরকার পুলিশকে যেমন ব্যবহার করছে, তেমনি দুর্নীতি দমন কমিশনের মাধ্যমেও নেতা- নেত্রীদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করছে।”
সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “দুর্নীতি নির্মূল করতে বিএনপি সরকার আমলে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছিল। আজ এই স্বাধীন প্রতিষ্ঠানটি তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। তারা এখন সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।”
লন্ডনে একটি বাড়ি কেনা নিয়ে দুর্নীতি দমন কমিশন সম্প্রতি মওদুদকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠায়। তবে বিএনপি নেতা এর বৈধতা চ্যালেঞ্জ করে পক্ষে আদালতের আদেশ পেয়েছেন।
লন্ডনে কোনো বাড়ি কেনেননি দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলে আসছেন, তাকে হয়রানির জন্য দুদক ওই নোটিস পাঠিয়েছিল।
দুর্নীতি দমন কমিশনের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘“পদ্মা সেতুর দুর্নীতি, রেলমন্ত্রীর ঘুষ কেলেঙ্কারি, পুঁজিবাজার কেলেঙ্কারির বিষয়ে দুদক বলছে, সেখানে কোনো দুর্নীতি হয়নি।
“আর খালেদা জিয়া, তারেক রহমানসহ বিরোধী নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে তারা (দুদক)। তারা সরকারের তল্পিবাহক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘দুর্নীতি দমনে সরকার ও দুদকের ভূমিকা এবং জনগণের প্রত্যাশা’ শীর্ষক ওই আলোচনা সভায় মওদুদ ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এম মেহবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪১ ঘ.
bdnews24