ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন-শৃঙ্খলা বাহিনীর নির্যাতন, হয়রানিমূলক গ্রেপ্তার বৃদ্ধি এবং বিচারবহির্ভূত হত্যার সঙ্গে র্যাবের জড়িত থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য যথাযথ বলে মনে করে বিএনপি।
শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এই অভিমত ব্যক্ত করেন।
এ সময় মার্কিন কংগ্রেসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি।
ধানমন্ডিতে প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর ফখরুল বলেন, “বর্তমান সরকারের আমলে দেশের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। আমাদের নেতা ইলিয়াস আলীসহ সারাদেশে অসংখ্য নেতা-কর্মীকে গুম ও হত্যা করা হয়েছে।
“আমরা এর বিরুদ্ধে বার বার কথা বলেছি। সরকার কোনো কথা আমলে নেয়নি। আজ মার্কিন কংগ্রেসের শুনানিতেও বলা হয়েছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। এটা উদ্বেগজনক।”
বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক শুনানিতে রবার্ট ও ব্লেক জুনিয়র বলেন, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা ও গুমের সঙ্গে র্যাবের জড়িত থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে।
বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতন, বিনা অপরাধে আটক ও গুমের নতুন নতুন অভিযোগের পরিপ্রেক্ষিতে মার্কিন কংগ্রেসে ওই শুনানি হয়।
গত ৪ জুলাই নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য র্যাবকে দায়ী করে এই বাহিনী ভেঙে দেওয়ার সুপারিশ করা হয়।
শুনানিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ব্লেক বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত মে মাসে ঢাকা সফরে এসে গার্মেন্টস শ্রমিক নেতা আমিনুল হত্যা এবং বিরোধী দলীয় নেতা ইলিয়াস আলীর গুম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
গত এপ্রিলের শুরুর দিকে আমিনুলকে নির্যাতনের পর হত্যা করা হয়। আর ১৭ এপ্রিল রাতে ‘নিখোঁজ’ হন ইলিয়াস আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এএল/১৯৫২ ঘ.
bdnews24