২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালে জামিন পেলেন ব্রাহ্মণবাড়িয়ার মোবারক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রায় নয় মাস ধরে কারাবন্দি মোহাম্মদ মোবারককে দুই মাসের জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রায় নয় মাস ধরে কারাবন্দি মোহাম্মদ মোবারককে দুই মাসের জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ সোমবার এই আদেশ দেন। আদেশে বলা হয়, আগামী ৯ সেপ্টেম্বর মোবারককে আদালতে হাজির করতে হবে। তার অপরাধের বিষয়ে ওইদিন তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য ট্রাইব্যনালের তদন্ত সংস্থাকেও নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রশ্নের জবাবে প্রসিকিউটর জিয়াদ আল মালুম জানান, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেনের বিরুদ্ধে প্রসিকিউশনের তদন্ত শুরু হয়েছে ১৫ জুলাই। এতে বিষ্ময় প্রকাশ করে বিচারপতি নিজামুল হক বলেন, তদন্ত সংস্থা আরো আগেই মামলার নথিপত্র পেলেও তদন্ত শুরু করেছে মাত্র এক দিন আগে। অথচ মোবারক কারাগারে রয়েছে নয় মাস ধরে। তিনি বলেন, “অন্যের দোষে কারো ভোগা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” মোবারকের আইনজীবী এস এম শাহজাহান জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তার মক্কেলের বিরুদ্ধে এই মামলা হয়। তিনি হাইকোর্ট থেকে জামিন পেলেও পরে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। ২০১১ সালের ১৯ অক্টোবর মোবারক আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। এর আগেই মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনালে জানানো হয়, বিচারিক আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা ৬৪৫টি মামলার তদন্ত এখনো ঝুলে আছে। এসব মামলায় কারাবন্দি আছেন চারজন। ২০০৯ সালের ৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় মোবারকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন একাত্তরে নিহত আব্দুল খালেকের স্ত্রী খোদেজা বেগম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমডি/জেকে/১৮০৩ ঘ.