ঢাকা, জুলাই ১৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংগঠনের কার্যক্রম জোরদার করতে রংপুর বিভাগে দলের ৯ সাংগঠনিক জেলা নেতৃবৃন্দের সঙ্গে শনিবার রাতে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।
রংপুর বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম জেলা ও সৈয়দপুর পৌর কমিটির নেতারা এই বৈঠকে অংশ নেন।
রুদ্ধদ্বার এ বৈঠকে প্রতিটি জেলার নেতারা নিজ নিজ এলাকায় সংগঠনের অবস্থা ও করণীয় সম্পর্কে দলের চেয়ারপারসনকে অবহিত করেন।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, লালমরিহাটের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, দিনাজপুরের লুৎফুর রহমান মিন্টু, সদস্য সচিব শামসুজ্জামান, গাইবান্ধার আনিসুজ্জামান বাবু, সৈয়দপুরের অধ্যক্ষ আবদুল গফুর সর্দার, কুড়িগ্রামের তাজবীরুল ইসলাম, পঞ্চগড়ের মাজহারুল ইসলাম, ঠাকুগাঁওয়ের তৈমুর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকালে বিভাগের নেতাদের নিয়ে দুলু শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
গত ৪ জুলাই খালেদা জিয়া দলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে নিযুক্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০৫ ঘ.
্
bdnews24