সিলেট, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে সিলেটে বিএনপিকর্মী নিহতের ঘটনায় পুলিশের এক ওসিসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
গত ২৩ এপ্রিল বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হরতাল চলাকালে সংঘর্ষে বিএনপি কর্মী জাকির হোসেন নিহত হন।
এ ঘটনায় বৃহস্পতিবার নিহত জাকিরের মা রহিমা বেগম সিলেটের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন।
মামলায় বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজাদকেও আসামি করা হয়েছে।
এ ছাড়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুবলীগের আহ্বায়ক মখদ্দুস আলী।
আদালত মামলাটি আমলে নিয়ে বিশ্বনাথ থানা পুলিশকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২৩ এপ্রিল হরতাল পালনকালে ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন ও মিজানুর রহমান গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান জাকির হোসেন।
এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার পর বিশ্বনাথ থানায় অভিযোগ করলেও পুলিশ তা গ্রহণ করেনি।
বাদীর আইনজীবী এটিএম ফয়েজ আদালতে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০০৪ ঘ.
bdnews24