ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য মীর কাসেম আলীকে একদিন ‘সেইফ হোমে’ নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের এ আবেদন মঞ্জুর করে। প্রসিকিউশন গত বৃহস্পতিবার তিন দিন সেইফ হোমে নিয়ে মীর কাসেমকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিল।
আদেশে বলা হয়, প্রসিকিউশনের তদন্ত সংস্থা এক দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ‘সেইফ হোমে’ জিজ্ঞাসাবাদ করতে পারবে। এ সময় পাশের কক্ষে আসামির আইনজীবী ও একজন চিকিৎসক উপস্থিত থাকবেন।
আর মীর কাসেমকে কবে ধানমন্ডির ‘সেইফ হোমে’ নেওয়া হবে, তা দুই দিন আগে তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে জানাতে বলেছে ট্রাইব্যুনাল। এ ছাড়া ১২ অগাস্ট মীর কাসেমের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন অথবা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে হবে প্রসিকিউশনের তদন্ত দলকে। ওই দিন আসামিকেও ট্রাইব্যুনালে হাজির করতে হবে।
জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত মীর কাসেমকে গত ১৭ জুন মতিঝিল থেকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারক জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠান।
ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মীর কাসেম রাবেতা আল ইসলামী নামে একটি এনজিওর সাবেক আবাসিক প্রতিনিধি এবং জামায়াত সমর্থক বলে পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান। দৈনিক নয়া দিগন্ত এবং টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন ওই প্রতিষ্ঠানেরই সহযোগী সংস্থা।
মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ, তার হুকুমেই একাত্তরে চট্টগ্রামে বহু লোককে রাজাকার ক্যাম্পে নিয়ে হত্যা ও নির্যাতন করা হয়।
একাত্তরে আলবদর বাহিনী গঠন করে তিনি ওই বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান হন। এই বাহিনী চট্টগ্রামের মহামায়া ভবনকে ডালিম হোটেলে রূপান্তর করে নির্যাতন ক্যাম্প স্থাপন করে।
একাত্তরের ২৫ মার্চ রাত থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মীর কাসেম আলীর নির্দেশনায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ চালানো হয় বলেও অভিযোগ এনেছে প্রসিকিউশন।
মানিকগঞ্জের হরিরামপুরের মীর কাসেমকে একাত্তরে চট্টগ্রামের মানুষ চিনতো মিন্টু নামে। কলেজছাত্র থাকাকালে সেখানেই তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে জামায়াতের অঙ্গসংগঠন ইসলামী ছাত্রসংঘের দায়িত্ব নেন।
মুক্তিযুদ্ধের শেষভাগে পাকিস্তানি বাহিনী এই দেশের যে সব বুদ্ধিজীবীকে হত্যা করে, তার তালিকা তৈরিতেও মীর কাসেম ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৩৫৫ ঘ.
bdnews24