২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংকের চিঠি প্রকাশের দাবি বিএনপির

পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির বিষয়ে সরকারকে দেওয়া বিশ্বব্যাংকের চিঠি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির বিষয়ে সরকারকে দেওয়া বিশ্বব্যাংকের চিঠি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। শুক্রবার বিকালে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই অবস্থানের কথা তুলে ধরেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, “পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংক যেসব চিঠি দিয়েছে, তা জনসমক্ষে প্রকাশ করুন। ওই চিঠিতে লেখা আছে দুর্নীতিতে কারা কারা জড়িত। দেশের জনগণ তাদের নাম জানতে চায়।’’ গত ২৯ জুন এক বিবৃতিতে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে তাদের অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়। গত বছরের এপ্রিলে সাক্ষরিত চুক্তি অনুযায়ী ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। চুক্তি বাতিলের পক্ষে বিশ্ব ব্যাংক যুক্তি দেখিয়েছে, এই প্রকল্পে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মিলেছে। বিশ্বব্যাংকের এই অর্থায়ন বাতিলের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে দাবি করেন যে, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর কথিত পুলিশি নির্যাতনের এক বছর পূর্তি উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ২০১১ সালের এই দিনে হরতাল চলাকালে ন্যাম ফ্ল্যাটের কাছে মানিক মিয়া এভিনিউ সড়কে ফারুককে প্রহার করে পুলিশ। এতে তিনি গুরুতর আহত হন। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলকে কেন্দ্র করে সরকারের নানা মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। এ প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতির জন্য পদ্মা সেতুর অর্থায়ন বিশ্বব্যাংক বাতিল করেছে। আর সরকার বলছে, এই সেতু নির্মাণ না হওয়ার জন্য বিএনপি নাকি দায়ী। “এটাই যদি হয়, তাহলে আপনারা (মহাজোট সরকার) ক্ষমতায় আছেন কেন। বিএনপি এতোই শক্তিশালী হলে ক্ষমতা ছেড়ে দিন। দেশের মানুষ পদ্মা সেতু চায়, দুর্নীতি চায় না। ’’ বিশ্বব্যাংক সম্পর্কে সরকারে ‘দ্বৈতনীতির’ সমালোচনাও করেন ভারপ্রাপ্ত মহাসচিব। “সরকার একদিকে যে ভাষায় বিশ্বব্যাংক সম্পর্কে কথা বলছে, অন্যদিকে আবার তারা অর্থায়নের বিষয়ে আলোচনা করবে বলে জানাচ্ছে। এরকম অবস্থানে থেকে আলোচনার কথা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।’’ বিকল্প অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে সরকারি উদ্যোগের কঠোর সমালোচনা করেন এই বিএনপি নেতা। এ প্রসঙ্গে মির্জা ফখরুল দাবি করেন যে, বিশ্বব্যাংক থেকে ঋণের সুদ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে মালয়েশিয়া থেকে ঋণ নিলে তার সুদ দিতে হবে ৬ শতাংশ। এভাবে জনগণের ওপর ঋণের বোঝা চাপানোর ষড়যন্ত্র করছে সরকার। তিনি অভিযোগ করেন, দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে এ পর্যন্ত সারাদেশে দলের ১২ হাজার নেতা-কর্মীকে কারাগারে আটক করে রাখা হয়েছে। গত ১৭ এপ্রিল ইলিয়াস আলী বনানীর বাসার কাছ থেকে নিখোঁজ হন। সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম দোলন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, শাম্মী আখতার প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০৭ ঘ.