২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেই মন্ত্রীর’ শাস্তি চান ফখরুল

“দয়া করে ওই মন্ত্রীকে শাস্তি দিন। যেসব কর্মকর্তা সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আবার বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনায় বসুন”, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্প নিয়ে সাবেক এক মন্ত্রীর ‘দুর্নীতি’ ঢাকতে অর্থমন্ত্রী সংসদে ‘অসত্য বক্তব্য’ দিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। মঙ্গলবার রাজধানীতে এক সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “অর্থমন্ত্রীকে একজন সজ্জন ব্যক্তি হিসেবেই দেশের মানুষ জানত। তিনি দুর্নীতিবাজ মন্ত্রীকে রক্ষা করার জন্য গতকাল (সোমবার) সংসদে অসত্য বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।” “বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট দায়িত্বভার গ্রহণ করে আজ বলেছেন, দুর্নীতির কারণে পদ্মাসেতুর অর্থায়ন বাতিল করার সিদ্ধান্ত যৌক্তিক,” যোগ করেন ফখরুল। বিশ্ব ব্যাংক দেশের সর্ববৃহৎ এ প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে বলেন, “সম্ভবত বিশ্ব ব্যাংকের বিদায়ী সভাপতি রবার্ট জেলিক তার মেয়াদকালে বিষয়টি সুরাহা করার উদ্দেশ্যে একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়েছেন, যা বাংলাদেশের ভাবমূর্তিকে বিশেষভাবে বিপর্যস্ত করেছে।” গত শুক্রবার বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঋণ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার কথা জানায়। ২৯০ কোটি ডলারের এ প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। ঋণ বাতিলের কারণ হিসাবে বিশ্ব ব্যাংকের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের এই প্রকল্পে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মিলেছে। গত বছর দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক ঋণ স্থগিত করার পর তখনকার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দিকে অভিযোগের আঙুল ওঠে। এরপর তাকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। তবে আবুল হোসেন বরাবরই বলে আসছেন, কোনো দুর্নীতি হয়নি। এ প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “সরকারকে বলছি, দয়া করে ওই মন্ত্রীকে শাস্তি দিন। যেসব কর্মকর্তা সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আবার বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনায় বসুন।” বিএনপির মুখপাত্র বলেন, “অর্থমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে, বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন অন্যায়ভাবে বাতিল করেছে। প্রযুক্তির বিকাশের যুগে সারা বিশ্বের ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ হয়ে গেছে কি কারণে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল করেছে। সরকারের উচ্চ পর্যায়ের কিছু ব্যক্তির দুর্নীতির কারণেই আন্তর্জাতিক এই সংস্থাটি চুক্তি বাতিল করেছে।” “প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে বিশ্বব্যাংক বার বার বিষয়টি জানানোর পরও সরকার ব্যবস্থা নেয়নি”, অভিযোগ করেন তিনি। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে ‘জনগণের সরকার’ আগামীতে ‘দুর্নীতিবাজদের’ বিচার করবে। পদ্মা সেতুকে ‘জাতির আশা আকঙ্খার’ প্রতীক অভিহিত করে বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতায় আসার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বাণিজ্যিক ঋণ নিয়ে এই বৃহৎ প্রকল্প করা হলে সুদের হার বিশ্ব ব্যাংকে দেয়ার সুদের হারের চেয়ে দ্বিগুণ অর্থাৎ, ৪ দশমিক ৫০ বিলিয়ন ডলারের বেশি হবে মন্তব্য করে ফখরুল বলেন, এটা করা হলে ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের মতোই জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হবে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে লালবাগের জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মুক্তির দাবিতে এ সমাবেশ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/২০২০ ঘ.