ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও করফাঁকির তিনটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছে হাই কোর্ট।
তারেকের আইনজীবীর আবেদনে সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দীকী এবং আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
এর মধ্যে দুটি মামলা স্থগিতের মেয়াদও বাড়িয়েছে আদালত।
আদালতে তারেকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তাকে সহায়তা করেন মো. নাজমুল হুদা। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন।
আদেশের পর মো. নাজমুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মামলায় হাই কোর্ট তারেক রহমানের জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছে। চাঁদাবাজির দুটি মামলায় জামিন ও স্থগিতাদেশও এক বছর করে বাড়ানো হয়েছে।
বিভিন্ন কর বর্ষে ২৬ লাখ ৮৬ হাজার টাকা আয়কর ফাঁকির অভিযোগে ২০০৮ সালের ৪ অগাস্ট তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে এনবিআর।
একই মাসের ২৭ অগাস্ট হাই কোর্ট তাকে প্রথম জামিন দেয়। পরে কয়েকবার তার জামিনের মেয়াদ বাড়ানো হয়।
চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা দুই মামলায়ও একইদিন জামিন পান তারেক রহমান। ওইদিন মামলা দুটির কার্যক্রমও স্থগিত করা হয়।
এর মধ্যে ৮০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ২০০৮ সালের ২৭ মার্চ গুলশান থানায় একটি মামলা করেন খান মো. আফতাব উদ্দিন নামের এক ব্যক্তি।
একই বছরের ২৭ মে একই থানায় ৪ কোটি ৮৯ লাখ চাঁদাবাজির অভিযোগে আবু সাঈদ সোহেল নামের আরেকজন অন্য মামলাটি দায়ের করেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৫৪৫ ঘ.
bdnews24