২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে খোকার অস্ত্রোপচার

সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকার কিডনিতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকার কিডনিতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় খোকার অস্ত্রোপচার হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার একান্ত সহকারী মনিরুল ইসলাম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্যারকে এখন নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। কিডনি বিশেষজ্ঞ লাই ওয়াই চুং এবং ইসি তান স্যারের কিডনিতে অস্ত্রোপচার করেন।” ডায়াবেটিস ও কিডনি জটিলতায় আক্রান্ত্র ঢাকার সাবেক মেয়র খোকাকে গত ২৭ জুন ঢাকার বারডেম হাসপাতাল থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। পরদিন তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। মনিরুল ইসলাম খান জানান, উচ্চ আদালতের অনুমতি নিয়েই জামিনে থাকা খোকা সিঙ্গাপুরে গেছেন। তার সঙ্গে স্ত্রী ইসমত হোসেন, দুই ছেলে ইশরাক হোসেন ও ইসফাক হোসেনও রয়েছেন। হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খোকাসহ ৩৪ জনকে গত ১৮ মে কারাগারে পাঠায় আদালত। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ২৯ মে খোকাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ জুন হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়র পরও ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঢাকার সাবেক মেয়র খোকা। এদিকে মহানগর আহ্বায়ক খোকার আরোগ্যলাভে দুপুরে নয়া পল্টনে মহানগর কার্যালয়ে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ মহানগর নেতা-কর্মীসহ ১৮ দলীয় জোট নেতারা অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৬৪৯ ঘ.