২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো জাতিকে তারা কলঙ্কিত করেছে: মওদুদ

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের ঘটনায় সরকারকে দায়ী করে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের ঘটনায় সরকারকে দায়ী করে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। রোববার দুপুরে প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে মওদুদ বলেন, “নিজেদের দুর্নীতির জন্য পুরো জাতিকে তারা (সরকার) কলঙ্কিত করেছে। বিশ্বব্যাংক গত ৪০ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করছে। কিন্তু এর আগে কোনো দিন, কোনো সরকারের আমলে তারা কোনো চুক্তি বাতিল করেনি।” দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে তাদের অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়, যদিও সরকার বরাবরই দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারকে এর জন্য সরাসরি দায়ী করে মওদুদ বলেন, “এ ঘটনায় সরকারের পদত্যাগ করা উচিৎ বলে আমি মনে করি। তারা ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে। তারা এখনো কীভাবে হেসে কথা বলেন আমি বুঝি না।” দুর্নীতির অভিযোগ থাকার পরও সৈয়দ আবুল হোসেন ও সুরঞ্জিত সেনগুপ্তকে মন্ত্রিপরিষদে রাখা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মওদুদ বলেন, “এটাই আওয়ামী লীগের চরিত্র। আবুলের মতো রেলওয়ের ঘুষ কেলেঙ্কারির পরও সুরঞ্জিতকে তিনি মন্ত্রণালয় থেকে সরিয়ে কেবিনেটে রেখেছেন। অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত আপনি কেন তাদেরকে অব্যাহতি দেবেন না?” পদ্মা সেতুতে দুর্নীতি নিয়ে সৈয়দ আবুল হোসেনের দিকে অভিযোগের আঙুল উঠলেও তিনি বরাবরই বলে আসছেন, কোনো দুর্নীতি হয়নি। ওই অভিযোগের মধ্যেই গত বছরের ডিসেম্বরে আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আর এপিএসের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত সেনগুপ্ত, যাকে বর্তমানে দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা হয়েছে। দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এই আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, ঢাকা জেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান, জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান ও নির্বাহী কমিটির সদস্য শাম্মী আক্তার। ‘দেশের উন্নয়ন বিপন্ন হবে’ প্রেসক্লাবে জিয়া কালচারাল ফাউন্ডেশন আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “বিশ্বব্যিাংকের এ সিদ্ধান্ত দেশ ও দেশের মানুষের জন্য শুধু অপমানজনকই নয়, এটা দেশের উন্নয়নকেও বিপন্ন করবে।” এর ফলে উন্নয়ন কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে- এমন আশঙ্কা প্রকাশ করে নজরুল ইসলাম বলেন, “এই দায়িত্ব সরকারকেই নিতে হবে। এ ঘটনার পর অন্য দাতা সংস্থাগুলোও বাংলাদেশে অর্থায়নের ব্যাপারে চিন্তা ভাবনা করবে।” অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন, “অর্থমন্ত্রী বলেছেন, বিশ্বব্যাংকের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। ভাল। তাহলে আপনি বিশ্ব ব্যাংকে যুক্তি দিয়ে, বুঝিয়ে রাজি করান। আমরা খুশি হব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৭৫০ ঘ.