২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় শক্তি প্রতিহত করবে বিএনপি: ফখরুল

রাজনৈতিক ‘সংকট’ কাটিয়ে উঠতে সরকার উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক ‘সংকট’ কাটিয়ে উঠতে সরকার উদ্যোগ নেবে আশা প্রকাশ করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃতীয় কোনো শক্তি এই ‘অচলাবস্থার’ সুযোগ নিতে চাইলে বিএনপি তা প্রতিহত করবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক শক্তির বাইরে অসাংবিধানিক ও অরাজনৈতিক কোনো শক্তিকে বিএনপি কোনোভাবেই সমর্থন করবে না। বরং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’’ চলমান রাজনীতি, নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের আন্দোলন, ১৮ দলীয় জোট, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, সরকারের ব্যর্থতা, যুদ্ধাপরাধ বিচারসহ নানা বিষয়ে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে কথা বলেন বিএনপির মুখপাত্র। নির্দলীয় সরকার নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “এ বিষয়ে আমাদের নতুন কোনো প্রস্তাব নেই। এয়োদশ সংশোধনীই আমাদের প্রস্তাব। তবে ওই সংশোধনীতে নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগের বিষয়ে সর্বোচ্চ আদালত আপত্তি রেখেছেন। তাই এটা সংশোধনে আলোচনা হতে পারে।” তিনি বলেন, “বিএনপি কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। আমরা আশা করি, সরকার বিষয়টি অনুধাবন করবে। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে তারা এগিয়ে আসবে।’’ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধের বিচার করছে না। তারা মানবতাবিরোধী অপরাধের বিচার করছে। “তৎকালীন আওয়ামী লীগ সরকারই একাত্তরের যুদ্ধাপরাধে চিহ্নিত ১৯৫ জনকে মাফ করে দিয়েছে। বিএনপি এই বিচারের বিরোধী নয়। আমরা চাই-বিচারটি স্বচ্ছ্বতার ভিত্তিতে হোক, এ বিচার যাতে কোনোভাবে রাজনৈতিক উদ্দেশ্যে না হয়, অভিযুক্তরা যাতে ন্যায় বিচার পায় এবং এ নিয়ে কোনো প্রশ্ন না উঠে।’’ বিএনপি ক্ষমতায় গেলে মানবতাবিরোধী অপরাধের বিচার করবে কি না জানতে চাইলে সরাসরি উত্তর এড়িয়ে তিনি বলেন, “আওয়ামী সরকার বলেছে, তাদের আমলেই মানবতাবিরোধী সব অপরাধীর বিচার শেষ করবেন। সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসলে দেখা যাবে।” বিচারবর্হিভূত হত্যাকাণ্ড সম্পর্কে বিএনপির অবস্থান ব্যাখ্যা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে এ ধরনের হত্যাকা- বন্ধ করা হবে। আমরা মনে করি, প্রতিটি মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। অবশ্যই অপরাধের বিচার হতে হবে। একজন মানুষকে তুলে নিয়ে কিংবা গ্রেপ্তার করে হত্যা ও গুম করা হবে-এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। যারা এ ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।” প্রসঙ্গত, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় র‌্যাব গঠন করা হয়। এই বাহিনীর বিরুদ্ধেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ সবচেয়ে বেশি। এর অধিকাংশই সংঘটিত হয় সে সরকারের আমলে। আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ সম্প্রতি আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ-ভাংচুর প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমরা মনে করি, গার্মেন্টস শিল্পের এই বিশৃঙ্খলার পিছনে দেশি-বিদেশি চক্রান্ত থাকতে পারে। ব্যবসা-বাণিজ্য নিয়ে সারা পৃথিবীতে প্রতিযোগিতা এবং যুদ্ধও হয়। আশুলিয়ার ঘটনার সঙ্গে কারা জড়িত এ বিষয়ে বিএনপির কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।” আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপি নেতা মঈন খান এ বিষয়ে মন্তব্য করেছেন জানিয়ে তিনি বলেন, তারাই এ বিষয়ে ভালো বলতে পারবেন। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বুধবার আশুলিয়ার ঘটনার পিছনে একটি প্রভাবশালী দেশকে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এজন্য ভারতকে সরাসরি দায়ী করেছেন। তবে আশুলিয়ার সব গার্মেন্টস খুলে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, “আমরা মনে করি, এই শিল্প দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাই একে টিকিয়ে রাখতে সরকারকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।” আওয়ামী লীগের আশা সম্প্রতি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এক সভায় জানানো হয়, গত নির্বাচনে জয়ী হওয়া কমপক্ষে ১৭০ আসনে দলের অবস্থান ভালো। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, “আমি খুশি হয়েছি, আওয়ামী লীগ ২৬৫ আসন থেকে নেমে ১৭৫ আসনে এসেছে। প্রধানমন্ত্রীকে বলবো, দেয়ালের লিখুন দেখুন। মানুষের চোখের ভাষা বুঝতে চেষ্টা করুন।” আদালতে গিয়ে নির্দলীয় সরকারের বিষয়ে ফয়সালা করতে সৈয়দ আশরাফের পরামর্শ সম্পর্কে তিনি বলেন, “আদালতে যাওয়ার প্রশ্নই উঠে না। সেখানে তো ন্যায়বিচার পাব না। “তবে কথাটা অপ্রিয় হলেও সত্য উচ্চ আদালতের রায়ের একটি অংশ সরকার সুবিধামতো গ্রহণ করে নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করেছে। রায়ের অন্য অংশটি তারা গ্রহণ করেনি। রায়ের সেই অংশে বাস্তবতার নিরীখে আগামী দুটি নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে পারে বলে বলা হয়েছে।” সংসদে যোগ দেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বিএনপি চায় সংসদ কার্যকর হোক। আমরা একে প্রাধান্য দেই। আমাদের সংসদ সদস্যরা প্রতিটি কমিটির বৈঠকে অংশ নিচ্ছেন। সংসদে বিরোধী দল এ পর্যন্ত সাড়ে তিন হাজার দৃষ্টি আকর্ষণ নোটিশ ও মুলতবি প্রস্তাব দিয়েছে। তার একটিও স্পিকার গ্রহণ করেননি।” জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারী এটির একান্ত সচিব মির্জা ফখরুল বলেন, “সংসদে ওয়াক আউট হতেই পারে। যেমন জিয়াউর রহমান সাহেবের সময়ে তৎকালীন নেতা শাহ আজিজুর রহমান বিরোধী দলীয় নেতার অফিসে গিয়ে তাদের সঙ্গে কথা বলতেন। আন্তরিকতা দিয়ে তাদের সংসদে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু এখন সরকার মনেই করে না বিরোধী দলের সঙ্গে কথা বলা দরকার।” আন্দোলন দমনে সরকার বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, “ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে চলমান আন্দোলনে সরকার বিরোধী দলের ১২ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে আটকে রেখেছে। এটা গণতন্ত্রের জন্য শুভ হতে পারে না।” মির্জা ফখরুল বলেন, “আদালত নিয়ে কথা বলতে আমরা কিছুটা ইতস্তবোধ করি। কারণ কোনটা আদালত অবমাননা হয়ে যায় বলা মুশকিল যেখান স্পিকারই আদালতের দৃষ্টিতে রাষ্ট্রদ্রোহী হয়ে যান। তাই নির্দলীয় সরকার পদ্ধতি বাতিলের রায়ের বিষয়ে কথা বলতে চাই না। তবে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী বিচারপতি টি এইচ খান বলেছেন, কোনো বিচারপতি অবসর নেওয়ার একবছর পর কোনো রায় লিখতে পারেন না। এটা আইনের কাছে গ্রহণযোগ্য নয়।” দলীয় কার্যক্রম বিএনপির সাংগঠনিক অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, “বিএনপির ৭৫টি রাজনৈতিক কমিটির মধ্যে বর্তমানে তিনটি জেলা কমিটি গঠন করা যায়নি। সাংগঠনিক সমস্যার কারণে সেখানে কমিটি করা সম্ভব হয়নি। ৭৫টির মধ্যে ৬৮টি জেলা কমিটিতে কাউন্সিল হয়েছে।” তিনি জানান, সংগঠন শক্তিশালী করতে দলের নেতারা কাজ করছেন। তারা কয়েক দফা জেলা সফরও করেছেন। বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে মির্জা ফখরুল বলেন, “বর্তমানে দেশের শতকরা ৮০ ভাগ ছাত্র-ছাত্রী রাজনীতি পছন্দ করে না। রাজনীতির প্রতি তাদের বিমুখ ও অনীহা। আমাদের রাজনীতির জন্য এটা আশঙ্কাজনক। তাহলে কিভাবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে।” তিনি বলেন, “মেধাবী ছাত্রদের রাজনীতিতে আসতে হবে। ছাত্রদেরই ছাত্র রাজনীতি করতে হবে। এ লক্ষ্যে আমরা কাজ করছি। দলের ভেতরে প্রশিক্ষণ কর্মসূচিও চালু করেছি।” অনুষ্ঠানের ডিআরইউ এর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জিএনএ/১৭০৩ ঘ.