ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের মামলার জেরা তিন দিনের জন্য মুলতবি করেছেন ট্রাইব্যুনাল।
সাঈদী অসুস্থ জানিয়ে তার আইনজীবীরা রোববার সময়ের আবেদন করলে বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়।
আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম আদালতকে বলেন, বড় ছেলে রফিক বিন সাঈদীর মৃত্যুর পর গত বৃহস্পতিবার প্যারোলে তার জানাজায় অংশ নিতে গিয়ে নিজেও অসুস্থ হয়ে পড়েন সাঈদী। সোমবার সকালে তার এনজিওগ্রাম করার কথা।
এ অবস্থায় জেরা দুই সপ্তাহের জন্য মুলতবি করার আবেদন জানান আইনজীবীরা।
শুনানি শেষে বিচারক তিন দিনের জন্য জেরা মুলতবি করে বুধবার এ মামলার পরবর্তী দিন রাখেন।
বিচারপতি নিজামুল হক বলেন, আইন অনুযায়ী এই পর্যায়ে আসামির অনুপস্থিতেও মামলার কার্যক্রম চালানো যায়। তারপরও মানবিক দিক বিবেচনা করে তিন দিনের জন্য আদালত মুলতবি করা হলো।
২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। গত বছর ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
একাত্তরে পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ মানবতাবিরোধী ২০টি অপরাধে সাঈদীর বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৩১২ ঘ.
bdnews24