২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের মুক্তি অনিশ্চিত

হরতালের এক মামলায় জামিন পেলেও অন্য মামলায় অভিযোগপত্র দাখিল হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট নেতাদের মুক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 03:52 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের এক মামলায় জামিন পেলেও অন্য মামলায় অভিযোগপত্র দাখিল হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতাদের মুক্তি। রাষ্ট্রপক্ষ ইতোমধ্যে সচিবালয়ের সামনে বোমা বিস্ফোরণের মামলায় জোট নেতাদের আদালতে হাজির করার পরোয়ানা জারির আবেদন করেছে। এই পরোয়ানা আবেদনের নিস্পত্তি না হওয়া পর্যন্ত মুক্তির অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। অবশ্য রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, বোমা বিস্ফোরণের মামলায় জামিনের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আসামিদের আবারো জামিনের আবেদন করতে হবে। নতুন করে জামিন না পেলে মুক্তিও মিলবে না। বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সচিবালয়ে বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানার মামলায় ফখরুলসহ অন্য আসামিরা পুলিশের অভিযোগপত্র দায়ের করা পর্যন্ত জামিন পেয়েছিলেন। এ মামলায় অভিযোগপত্র দাখিল হওয়ায় তাদের নতুন করে জামিন চাইতে হবে”। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও এফ আর এম নাজমুল আহাসানের হাই কোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার দুপুরে মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের ৩০ নেতাকে গাড়ি পোড়ানোর মামলায় জামিন দেয়। অন্যদিকে সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের মামলায় ফখরুলসহ ২৯ জনের বিরুদ্ধে গত ৩১ মে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা, যার ওপর ২৬ জুলাই শুনানি হবে। আসামিপক্ষের আইনজীবীরা জানান, রাষ্ট্রপক্ষ বোমা বিস্ফোরণের মামলায় পরোয়ানা জারির যে আবেদন করেছে, তা প্রত্যাহারের জন্য রোববার তারা আদালতে যাবেন। জোট নেতাদের অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেছবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনিসহ জ্যেষ্ঠ আইনজীবীরা ঢাকার জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালে হাজির হয়ে আসামিদের আদালতে হাজির করার পরোয়ানার আদেশ প্রত্যাহারের আদেশ চাইবেন। পরোয়ানা জারির আবেদন প্রত্যাহার না হলে আসামিরা মুক্তি পাচ্ছেন না বলেও তিনি উল্লেখ করেন। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণের ঘটনায় ফখরুলসহ ২৯ জনের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় ৪৫ জনের বিরুদ্ধে এ দুটি মামলা করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এএল/জেকে/০৯৩০ ঘ.