ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তরের আবেদন করা হয়েছে।
গোলাম আযমের আইনজীবী ব্যারিস্টার ইমরান সিদ্দিক বুধবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিসে এ আবেদন জমা দেন।
আবেদনে তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের ৯৬ (৪) ক অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতিদের জন্য একটি আচরণবিধি রয়েছে। গোলাম আযমের বিচারকাজে অংশ নিয়ে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক সেই আচরণবিধি লঙ্ঘন করেছেন।
“১৯৯২ সালের ২৬ মার্চ গোলাম আযমের বিচারের লক্ষ্যে গঠিত একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি গণআদালত গঠন করে। সেই গণআদালত তার ফাঁসির আদেশ দেয়। ওই আদেশ কার্যকর করার জন্য বিচারপতি নিজামুল হক সরকারের কাছে দাবি জানান। তিনি ঘাতক-দালাল নির্মূল কমিটির গণতদন্ত কমিশনের সেক্রেটারিয়েট সদস্য ছিলেন।”
এ কারণে বিচারপতি নিজামুল হক এ মামলার বিচারকাজে অংশ নিতে করতে পারেন না বলেও দাবি করেছেন গোলাম আযমের আইনজীবী।
একাত্তরে পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের ৬১ অভিযোগে গত ১৩ মে জামায়াতের সাবেক আমীরের বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এর আগে এই বিচার প্রক্রিয়া তরন্বিত করতে গত ২৫ মার্চ যাত্রা শুরু করে দ্বিতীয় ট্রাইব্যুনাল। এর পরপরই প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল-১ থেকে কয়েকটি মামলা ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়।
ইমরান সিদ্দিক তার আবেদনে বলেন, “স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে গোলাম আযমের মামলাটি টাইব্যুনাল-২ এ স্থানান্তর করার আবেদন জানাচ্ছি।”
জামায়াতের ‘গুরু’ হিসেবে পরিচিত গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে গত ১১ জানুয়ারি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ওই দিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়; তারপর থেকে তিনি সেখানেই আছেন।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুুদ্ধের সময় তার নেতৃত্বে নানা জায়গায় শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস, পাইওনিয়ার ফোর্স, মুজাহিদ বাহিনী নামে পাকিস্তানপন্থী সংগঠন গঠন করা হয়। এসব সংগঠনকে অস্ত্র সরবরাহ করা এবং এ বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুপারিশ করার দায়িত্বও তার ছিল বলে ঐতিহাসিক বিভিন্ন দলিলে প্রমাণ রয়েছে।
একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা শুরুর পর খাজা খায়রুদ্দিনকে আহ্বায়ক করে ১৪০ সদস্যের যে শান্তি কমিটি হয়, তার তদারকিতে গঠিত কমিটির ছয় জনের এক জন ছিলেন গোলাম আযম।
এছাড়া বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালান তিনি।
তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ সালে জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে আসেন।
এরপর ১৯৯১ সালে পুনরায় জামায়াতের আমিরের দায়িত্ব নেন তিনি। এর পরপরই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নতুন করে আন্দোলন সংগঠিত হয় শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে। ১৯৯৯ সাল পর্যন্ত তিনি দলের আমীরের দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/জেকে/১৭২০ ঘ.
bdnews24