২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির শোক র‌্যালিতে বাধা

পুলিশের বাধায় পূর্বঘোষিত শোক র‌্যালি করতে পারেনি চট্টগ্রাম নগর বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের বাধায় পূর্বঘোষিত শোক র‌্যালি করতে পারেনি চট্টগ্রাম নগর বিএনপি। মঙ্গলবার বিকালে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করে বিএনপি। গত ১৩ ই মে পুলিশের সাথে ১৮ দলীয় জোটের সংঘর্ষে গুরুতর আহত শুলকবহর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির গুরুতর আহত হয়। এর কয়েকদিন পর একটি বেসরকারি ক্লিনিকে তিনি মারা যান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। মৃত্যুর ঘটনায় শোক র‌্যালি পর্যন্ত করতে দিচ্ছে না। এভাবে সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। যুবদল নেতা হুমায়ুন কবির পুলিশের হামলায় নিহত হয়েছে দাবি করে আমীর খসরু বলেন, যেসব পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবিরকে পিটিয়ে মেরেছে একদিন না একদিন তাদের বিচার হবে। মহানগর বিএনপি’র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বিএনপিনেতা আনোয়ার হোসেন, মাহবুর রহমান শামীম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মিয়া ভোলা, আলহাজ্ব এম.এ আজিজ, শেখ নুরুল্লাহ বাহার প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২১০০ ঘ.