ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের শাস্তি দেওয়ার জন্য চারদলীয় জোট সরকার যে আইন করেছিল- তা এখন বিরোধী দলের রাজনীতিবিদদের দমনে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শুক্রবার এক মানববন্ধন কর্মসূচিতে দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, “বর্তমানে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এই আইনে মামলা করে সরকার আইনটির অপব্যবহার করছে।”
ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, “বিএনপি নেতারা যে আইনে আটক হয়েছেন, সে আইন পাস করার সময় আমরাই বিরোধিতা করেছিলাম। একই সঙ্গে এটাও বলেছিলাম, এ আইনে হয়তো আপনারাও একদিন পড়তে পারেন.... আইন করার সময় চার্জশিট দেওয়ার পর জামিনের বিধান তারাই রাখেনি।”
সুরঞ্জিতের কথার জবাবে রফিকুল দাবি করেন, চার দলীয় জোট সরকারের আমলে দ্রুত বিচার আইনে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা হয়নি, যা এখন আওয়ামী লীগের সময়ে হচ্ছে।
হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের শীর্ষ পর্যায়ের ৩৫ নেতা বর্তমানে কারাবন্দি। তারা জামিন চাইলেও দ্রুত বিচার আইনের মামলা হওয়ায় আদালত তা নাকচ করেছে।
এই নেতাদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।
এছাড়া বরগুনা জেলা জাতীয়তাবাদী ফোরাম, সাংসদ মাহবুবউদ্দিন খোকন মুক্তি পরিষদ ও সুশীল ফোরাম আলাদাভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া কারাবন্দি নেতাদের মুক্তির দাবি জানিয়ে বলেন, “সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি না মানলে খালেদা জিয়া ১১ জুন বৃহত্তর আন্দোলনে কর্মসূচি দেবেন বলেই নেতাদের এভাবে মিথ্যা ও অসত্য মামলায় বন্দি করা হয়েছে।’’
সরকার ‘এই কৌশলে’ চলমান আন্দোলন বন্ধ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
রফিকুল ইসলাম মিয়া সরকারের উদ্দেশে বলেন, “দেশকে আর অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না। গণদাবি মেনে নিন। গণমাধ্যমে সংবাদ দেখলাম- প্রধানমন্ত্রী নিজেই বলছেন, মাইনাস টু থিওরি এখনো সক্রিয়। তাই যদি প্রধানমন্ত্রী মনে করে থাকেন, তাহলে তারই দায়িত্ব দেশে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে জনগণের রায় নেওয়া।”
মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাংসদ আসিফা আশরাফি পাপিয়া, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান খোকন মানববন্ধনে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২৫২ ঘ.
bdnews24