২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দলীয় সরকার মানলে সংলাপ: খালেদা

“আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা আলোচনা চাই, তবে কোনো এজেন্ডা ছাড়া কোনো আলোচনায় বসব না,” বলেছেন বিরোধী নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপে বসতে বিএনপির অনাপত্তির কথা জানিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার ঘোষণার শর্ত দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের বিপরীত অবস্থানের মধ্যে সংলাপ শুরু করতে কূটনীতিক মহলের তাগিদের প্রেক্ষাপটে রোববার গণঅনশন কর্মসূচিতে এই বিষয়ে দলের বক্তব্য তুলে ধরেন তিনি। নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান, কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ঢাকা মহানগর নাট্যমঞ্চে ১৮ দলের দিনব্যাপী গণঅনশনে নেতৃত্ব দেন খালেদা। কর্মসূচির মধ্যে পৌনে এক ঘণ্টার বক্তব্যে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিরোধী দলের অসন্তোষের কথা তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন। বক্তব্য শেষে নিখোঁজ ইলিয়াসের মেয়ে সাইয়ারা নাওয়াল খালেদা জিয়ার মুখে পানি তুলে দিয়ে অনশন ভাঙায়। সংলাপের বিষয়ে বিরোধী নেতা বলেন, “সরকারকে বলতে চাই, আমরা আলোচনা করতে চাই। তার আগে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিষয়ে সুস্পষ্ট ও লিখিত ঘোষণা সরকারকে জানাতে হবে। কোনো এজেন্ডা ছাড়া আমরা কোনো আলোচনায় বসব না।” সংবিধান সংশোধনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ হওয়ায় দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। তবে সংবিধান সংশোধন করে আবার পুরনো অবস্থায় ফিরে যাওয়ার দাবি বিরোধী দলের। দুই প্রধান দলের এই বিপরীত অবস্থানের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ঢাকা সফরে এসে সংলাপের কথা বলে যান। এরপর ইউরোপীয় ইউনিয়নও রাজনৈতিক মতপার্থক্য দূর করতে সংলাপের কথা বলে। সংলাপের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বিস্তারিত না জানিয়ে বলেছিলেন, “সংলাপ তো হতেই হবে।” নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালে আগামী ১০ জুন পর্যন্ত সরকারকে সময় দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। গণঅনশনে তিনি বলেন, “নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি সরকার না মানলে ১০ জুনের পর আন্দোলন চলবে।” “এদেশে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। এখন সরকার একটি মুলা ঝুলিয়েছে, রাষ্ট্রপতির অধীনে নির্বাচন হবে। আমরা বলে দিতে চাই, এই রাষ্ট্রপতি দলীয় রাষ্ট্রপতি। তার অধীনে নির্বাচন মেনে নেওয়া হবে না,” বলেন তিনি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতির অভিজ্ঞতা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে খালেদা বলেন, “আমাদের প্রধানমন্ত্রী মইনউদ্দিন-ফখরুদ্দীন সরকারের ভয় দেখান। ওটি তত্ত্বাবধায়ক সরকার ছিল না, অবৈধ জরুরি সরকার ছিল।” হরতালের মামলায় কারাবন্দি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানিয়ে খালেদা বলেন, “অবিলম্বে নেতাদের মুক্তি দিন, নইলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।” বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “তা না হলে হরতাল ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না। “তারা (সরকার) শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের জায়গার অনুমতি দেয়নি। যখন আমরা বলেছি, জায়গা না হলে একটাই পথ হরতাল হবে। তখন অনুমতি দিয়েছে।’’ নেতাদের কারাবন্দি করার প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “নেতাদের জেলে দিয়ে বিএনপিকে নেতৃত্বশূন্য করা যাবে না। একজন নেতা জেলে গেলে আরেক জন নেতৃত্বে আসবে, সঙ্গে থাকবে জনগণ। জেলের ভয় দেখিয়ে লাভ হবে না।” প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা কারাবন্দি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, “কে বা কারা গাড়ি পুড়িয়েছে, তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসানো সিসিটিভিতে বন্দি আছে। প্রধানমন্ত্রীকে বলব, ওই সিসিটিভিতে দেখেন- কারা গাড়ি পুড়িয়েছে। আমার দলের নেতা-কর্মীরা সেখানে যায়নি। আপনার (প্রধানমন্ত্রী) দলের লোকজনই ওই স্থানে গাড়ি পুড়িয়েছে।” ইলিয়াসের বাড়িতে গভীর রাতে পুলিশের যাওয়া এবং তার বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোরও সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন। ইলিয়াসকে সুস্থ শরীরে পরিবারের কাছে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “সরকারের এজেন্সি, র‌্যাব ও সরকারি দলের লোকজনের একটি বিশেষ বাহিনী ইলিয়াস আলীতে তুলে নিয়ে গেছে। এর আগেও সরকার অনেক গুম করেছে, কিন্তু এবার একটু বেশি করে ফেলেছে।” সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায়ী করে বিরোধী নেতা আবার বলেন, “ওই সাংবাদিক দম্পতির কাছে সরকারের দুর্নীতির এমন গোপনীয় তথ্য চলে এসেছিল, ওই তথ্য তারা দেশে না হলেও বিদেশে গণমাধ্যমে প্রকাশ করত।” “মূল হত্যাকারীদের সরকারই বিদেশে পাঠিয়ে দিয়েছে। খুনিরা দেশে নেই বলেই গ্রেপ্তার করতে পারছে না,” বলেন তিনি। পদ্মা সেতুতে দুর্নীতির বিষয় তুলে খালেদা বলেন, “স্বয়ং প্রধানমন্ত্রীর এক আত্মীয় ও তার মন্ত্রিসভার একজন সদস্য এতে জড়িত। বিশ্বব্যাংকের এই সংক্রান্ত প্রতিবেদন দুই বার অর্থমন্ত্রীর কাছে দেওয়া হলেও তিনি (অর্থমন্ত্রী) চাকরি হারানোর ভয়ে তা প্রকাশ করেননি। “সরকারের ৪/৫ মন্ত্রীর দুর্নীতি প্রকাশ পেয়েছে। সম্প্রতীএক মন্ত্রীর ঘুষ কেলেঙ্কারিও ধরা পড়ে গেছে। তাদের দুর্নীতির অর্থ এখন ব্রিফকেইসে জায়গা হয় না। তাই তারা বিদেশে অর্থ পাচার করেছে। সরকারের অনেকের এখন এক পা বাংলাদেশে, অন্য পা বিদেশে।” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগেও আপত্তি জানান বিরোধী নেতা। তিনি বলেন, “নিয়ম ভেঙে অন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে দলীয় একজনকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।” জাহাঙ্গীরনগরে উপাচার্য পদে নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেনের প্রসঙ্গে অবশ্য খালেদা জিয়া বলেন, “আমি তাকে অসম্মান করছি না। সেখানে তার এ নিয়ে নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা চলছে।” অনশনে ব্যারিস্টার রফিক-উল হক ১৮ দলের এই গণঅনশনে ব্যারিস্টার রফিক-উল হকও অংশ নেন। বিকাল ৪টার দিকে তিনি অনশনস্থলে গেলে মঞ্চে খালেদার পাশেই তাকে বসতে দেওয়া হয়। তিনি বক্তব্যও দেন। হরতালের পরিবর্তে গণঅনশনের মতো কর্মসূচি দেওয়ায় বিরোধী নেতাকে ধন্যবাদ জানিয়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, “আমি হরতালে বিশ্বাস করি না। এতে দেশ ও জনগণের ক্ষতি হয়। ম্যাডাম গণঅনশন করে দেখালেন, কীভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। “রাজনৈতিক দলগুলো বাধ্য হয়ে হরতালের মতো কর্মসূচি দেয়। আমাদের ম্যাডাম আজ গণঅনশন করে বিকল্প একটি নজির স্থাপন করলেন।” রাজনৈতিক সঙ্কট অবসানে সংলাপে গুরুত্ব দিয়ে ব্যারিস্টার রফিক বলেন, “দেশকে রক্ষা করতে হলে দুই নেত্রীকে সংলাপে বসতে হবে। সেই সংলাপের প্রস্তাব, যিনি সরকারের থাকেন, তার কাছ থেকেই আসতে হবে। “এতটুকু বলতে পারি, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তবে তত্ত্ববধায়ক সরকার নিয়ে প্রধানমন্ত্রীর এলার্জি রয়েছে। সেক্ষেত্রে নির্দলীয় সরকার অথবা অর্র্ন্তবতীকালীন অথবা কোয়ালিশন সরকার গঠন করে নির্বাচন হতে হবে।” ব্যারিস্টার রফিক বলেন, “রেলমন্ত্রীর ঘুষ কেলেঙ্কারি চাপা দিতে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। সেই গুমের ঘটনা ঢাকতে এবার সরকার চক্রান্ত করে বিএনপির নেতাদের জেলে পাঠিয়েছে।” নিষ্ক্রিয়রা সক্রিয় গণঅনশনে দীর্ঘদিন নিষ্ক্রিয় ও ২০০৭ সালের জরুরি অবস্থার পর সংস্কারপন্থী হিসেবে পরিচিত সরদার সাখাওয়াত হোসেন বকুল, নাজির আহমেদসহ বেশ কয়েকজন নেতা সমর্থকদের নিয়ে এই গণঅনশনের যোগ দেন। নিষ্ক্রিয় নেতাদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, সৈয়দ আবুল হোসাইন, সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফরও ছিলেন কর্মসূচিতে। গণঅনশনে এম মোরশেদ খান, হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ মঞ্চে ছিলেন। বক্তব্য শোনায় মনোযোগী খালেদা গণঅনশন চলাকালীন বিএনপি ও ১৮ দলীয় জোট নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে দেখা যায় বিরোধী নেতাকে। অনেক নেতার বক্তব্যের সময় তিনি মাথা নেড়ে সমর্থনও জানাচ্ছিলেন। নেতাদের মধ্যখানে চেয়ারে বসা খালেদা জিয়াকে বেশ প্রফুল্ল দেখাচ্ছিল। কর্মসূচিতে বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, খন্দকার মাহবুব হোসেন, শাহজাহান ওমর, ফজলুর রহমান পটল, শামসুজ্জামান দুদু প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরজ্জামান মিয়া, অধ্যাপক আবু আহমেদ, অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিনা বেগম, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সাবেক সচিব আসাফ উদদৌলা, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাফরউল্লাহ চৌধুরীও কর্মসূচিতে অংশ নেন। কারাবন্দি নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়, বিজেপির আন্দালিব রহমান পার্থের ছোট ভাই আশিকুর রহমান শান্ত অনশনে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের কণ্ঠশিল্পী মনির খান ও জামাল উদ্দিন নাসির সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া ছড়াকার আবু সালেহ ও কবি আবদুল হাই শিকদার কবিতা ও ছড়া পড়ে শোনান। গণঅনশনে যোগ দেওয়া ১৮ দলের নেতাদের মধ্যে ছিলেন- জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পারওয়ার, হামিদুর রহমান আযাদ, শফিকুল ইসলাম মাসুদ, খেলাফত মজলিসের মুহাম্মদ ইসহাক, আবদুর রব ইউসুফী, এলডিপির রেদোয়ান আহমেদ, সাহাদাৎ হোসেন সেলিম, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের আবদুল রকীব, আবুল কাশেম, বিজেপির শামীম আল মামুন, এনডিপির খোন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির আবদুল মবিন, মুসলিম লীগের এ এইচ এম কামরুজ্জামান খান, ন্যাপ-ভাসানীর শেখ আনোয়ারুল হক, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, জাগপা খোন্দকার লুৎফর রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, পিপলস লীগের গরীব নেওয়াজ ও ডিএলের সাইফুদ্দিন মনি। বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান গণঅনশন কর্মসূচিতে দলের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৫১ ঘ.