২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার বিএনপি সাংসদদের অনশন

জ্যেষ্ঠ নেতাদের মুক্তি এবং এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ চেয়ে শনিবার জাতীয় সংসদ ভবনে দুই ঘণ্টা প্রতীকী অনশন করবেন বিএনপির সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 06:56 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যেষ্ঠ নেতাদের মুক্তি এবং এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ চেয়ে শনিবার জাতীয় সংসদ ভবনে দুই ঘণ্টা প্রতীকী অনশন করবেন বিএনপির সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সড়কে (ফুটপাতে) এ কর্মসূচি পালন করা হবে। বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “এ কর্মসূচির মাধ্যমে আমরা বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা সরকারের দমননীতি ও ব্যর্থতার প্রতিবাদ জানাব।” এই অনশন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রধান অতিথি থাকবেন বলে জানান তিনি। গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন ইলিয়াস ও তার গাড়ি চালক আনসার আলী। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীই তাদের ‘গুম’ করেছে- এমন অভিযোগ এনে গত মাসে দুই দফায় পাঁচ দিন হরতাল করে বিএনপি। আর ২৯ এপ্রিল হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় আদালত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ জন নেতাকে কারাগারে পাঠানোয় বৃহস্পতিবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে বিরোধী দলীয় জোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/জেকে/১২৫০ ঘ.