২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের জামিন আবেদনের শুনানি রোববার

শুনানির জন্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের নেতৃত্বে একক বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের জামিন আবেদনের শুনানি হাই কোর্টের তৃতীয় বেঞ্চে হবে আগামী রোববার। হাই কোর্টের একটি বেঞ্চ দ্বিধাবিভক্ত আদেশ দেওয়ায় তৃতীয় বেঞ্চে এই শুনানি হচ্ছে। প্রধান বিচারপতির সচিব (হাই কোর্ট বিভাগ) কবির আহমেদ বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, প্রধান বিচারপতি শুনানির জন্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের নেতৃত্বে একক বেঞ্চ গঠন করে দিয়েছেন। ওই বেঞ্চে রোববার ওই আবেদনের শুনানি হবে। গত সপ্তাহে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে জামিন আবেদন করেছিলেন হরতালের মামলার আসামি বিএনপি নেতারা। ওই আদালতে দ্বিধাবিভক্ত আদেশ হওয়ায় নিয়ম অনুসারে ওই আবেদন প্রধান বিচারপতির দপ্তরে যায়। এরপর তিনি তৃতীয় বেঞ্চ গঠন করলেন। এদিকে এই আবেদন বিবেচনাধীন অবস্থায় দ্রুত বিচার আইনের ওই মামলায় পুলিশ বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তবে উচ্চ আদালতে জামিনের আবেদন বিবেচনাধীন বলে তাদের গ্রেপ্তারের শঙ্কা আপাতত নেই বলে মনে করেন আইনজীবীরা। গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়ে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর দ্রুত বিচার হাকিম এরফান উল্লাহ ১৩ মে এ বিষয়ে আদেশ দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮৪৫ ঘ.