ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে পুলিশ।
বিএনপি দাবি করেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা এই মামলায় অভিযোগপত্র দাখিল উদ্দেশ্যমূলক।
অন্যদিকে বিএনপি নেতাদের জামিন আবেদনের শুনানির জন্য হাই কোর্টে তৃতীয় বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের একক বেঞ্চে রোববার ওই শুনানি হবে।
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ ও ৩০ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়, বোমার বিস্ফোরণ ঘটে সচিবালয়ে।
এই দুই ঘটনায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে শাহবাগ ও তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে দুটি মামলা করে পুলিশ।
তেজগাঁও থানার মামলায় ঢাকার হাকিম আদালতে বৃহস্পতিবার অভিযোগপত্র দেয় পুলিশ।
২৯ এপ্রিল রাতে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলা হলেও অভিযোগপত্রে আসামি করা হয়েছে ৪৫ জনকে। এজাহারে থাকা একজন বাদ পড়েছেন, যোগ হয়েছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নুরুল আমীন সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দিয়ে আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদন করেন।
মহানগর দ্রুত বিচার হাকিম এরফান উল্লাহ এই আবেদনের বিষয়ে আদেশের জন্য আগামী ১৩ মে দিন ঠিক করেছেন।
বিএনপি নেতাদের আইনজীবী মাসুদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ আইনের মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ দুই বছর সাজা হতে পারে। আইন অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে এ মামলার বিচার শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।
অভিযোগপত্রে আসামিরা
তেজগাঁও থানার এই মামলায় দেওয়া অভিযোগপত্রে আসামিদের মধ্যে রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন।
যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউননবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহসভাপতি হাবিবুর রশীদ হাবিব, ঢাবি আহ্বায়ক আবদুল মতিনকেও আসামি করেছে পুলিশ।
এছাড়া বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেনের নামও অভিযোগপত্রে রয়েছে।
এজাহারের আসামিদের মধ্যে ছাত্রশিবির নেতা আব্দুল জব্বারের নাম বাদ দিয়ে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইসমাইল খান শাহীন এবং স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি মান্নান হোসেন শাহীনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে অভিযোগপত্রে।
বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এ মামলায় জামিনে রয়েছেন। আরেক যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
বাকি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা নুরুল আমিন।
তৃতীয় বেঞ্চ গঠন
হরতালের দুই মামলায় ফখরুলসহ বিএনপি নেতাদের জামিন আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার তৃতীয় বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। এতে রোববার শুনানি হবে।
হাই কোর্টের একটি বেঞ্চ জামিনের আবেদনের বিষয়ে দ্বিধাবিভক্ত আদেশ দেওয়ায় তৃতীয় বেঞ্চে এই শুনানি হচ্ছে।
প্রধান বিচারপতির সচিব (হাই কোর্ট বিভাগ) কবির আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের নেতৃত্বে একক বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। ওই বেঞ্চে রোববার শুনানি হবে।
গত সপ্তাহে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে জামিন আবেদন করেছিলেন হরতালের মামলার আসামি বিএনপি নেতারা।
ওই আদালতে দ্বিধাবিভক্ত আদেশ হওয়ায় নিয়ম অনুসারে ওই আবেদন প্রধান বিচারপতির দপ্তরে যায়, এরপর তিনি তৃতীয় বেঞ্চ গঠন করলেন।
এই আবেদন বিবেচনাধীন অবস্থায় দ্রুত বিচার আইনের একটি মামলায় পুলিশ বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
তবে উচ্চ আদালতে জামিনের আবেদন বিবেচনাধীন বলে তাদের গ্রেপ্তারের শঙ্কা আপাতত নেই বলে মনে করেন আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, “তৃতীয় বেঞ্চ গঠন এবং সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না।”
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মনে হয় তারা যেভাবে আছেন, সেভাবেই থাকবেন। এটি আমার ব্যক্তিগত মত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএন/এমআই/২৩১৫ ঘ.
bdnews24