২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি

দুই সপ্তাহে পাঁচ দিন হরতালের পর তিন দফায় বিক্ষোভ-সমাবেশ শেষে এই কর্মসূচি দিয়েছে বিরোধী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবি এবং নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আগামী সোমবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি। বুধবার নয়া পল্টনে বিক্ষোভ সমাবেশে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই গণমিছিলে ১৮ দলীয় জোটের অন্য দলগুলোও থাকবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। ঢাকায় গণমিছিলের আগের দিন রোববার জেলা ও মহানগরীগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত দুই সপ্তাহে পাঁচ দিন হরতালের পর নেতাদের বিরুদ্ধে মামলার পর বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল বিএনপি। তিন দফায় বিক্ষোভের কর্মসূচির শেষটিতে বুধবার সমাবেশে গণমিছিলের কর্মসূচি দেন ফখরুল। এর আগে গত ২৯ জানুয়ারি ঢাকায় গণমিছিল কর্মসূচি দিয়েছিল বিএনপি। তবে সেদিন ঢাকা মহানগর আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ডাকলে পুলিশ মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। পরে বিএনপি গণমিছিলের দিন পরিবর্তন করে ৩০ জানুয়ারি কর্মসূচি পালন করে। নয়া পল্টন থেকে মগবাজার পর্যন্ত ওই মিছিলে নেতৃত্ব দেন দলের প্রধান খালেদা জিয়া। আগামী সোমবারের গণমিছিলে খালেদা জিয়া থাকবেন কি না, তা জানায়নি বিএনপি। মির্জা ফখরুল বলেন, ১৪ মে’র গণমিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। হরতালের ঘটনায় মামলার প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সরকারকে বলে দিতে চাই, মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, বরং রাজপথের আন্দোলন আরো শক্তিশালী হবে।” নির্দলীয় সরকার পুনর্বহালে সংবিধান সংশোধনের দাবি জানিয়ে ফখরুল সরকারকে হুঁশিয়ার করে বলেন, দলীয় সরকারের অধীনে সাধারণ নির্বাচন প্রতিরোধ করা হবে। ২০ দিন ধরে নিখোঁজ ইলিয়াসের সন্ধান দিতে সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা আগেও বলেছি, এখনো বলছি, সরকার ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। তাই তাকে জীবিত অবস্থায় তার পরিবারের কাছে ফেরত দিতে হবে।” দেশ পরিচালনায় সরকার ব্যর্থ হয়েছে দাবি করে ফখরুল বলেন, সরকারকে বিদায় করা ছাড়া বিকল্প কোনো পথ এখন আর নেই। দলীয় কার্যালয়ের সামনের এস সমাবেশে বক্তব্য রাখেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, মোহাম্মদ শাহজাহান, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবউন নবী খান সোহেল, নূরে আরা সাফা, সুলতান সালাহউদ্দিন টুকু। ১৮ দলীয় জোট নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মজিবর রহমান, মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আযাদ, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, বিজেপির শামীম আল মামুন, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার শফিউল আলম প্রধান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৪৬ ঘ.