২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণ করে ফের জামিন নিলেন খোকন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদলতে আত্মসমর্পণ করে আগামী ২০ মে পর্যন্ত জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংসদ মাহবুব উদ্দিন খোকন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 06:53 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদলতে আত্মসমর্পণ করে আগামী ২০ মে পর্যন্ত জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংসদ মাহবুব উদ্দিন খোকন। হাই কোর্টের দেওয়া ৭ দিনের জামিনের শেষ দিন বুধবার তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর দ্রুত বিচার হাকিম এরফান উল্লাহ ২০ মে পর্যন্ত জামিন মঞ্জুর করেন বলে জানান খোকনের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। গত ২৯ এপ্রিল বিএনপির হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘনায় খোকনসহ বিএনপির ৪৪ নেতা-কর্মীর বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করে পুলিশ। ২ মে খোকন হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চে আগাম জামিনের আবেদন করলে আদালত দ্বিধাবিভক্ত আদেশ দেয়। নিয়ম অনুযায়ী আবেদনটি প্রধান বিচারপতির হাত ঘুরে বিচারপতি খোন্দকার মূসা খালেদের একক বেঞ্চে গেলে তিনি ৯ মে পর্যন্ত আগাম জামিন দেন খোকনকে। আদালতের নির্দেশনা অনুযায়ী ওই জামিনের মেয়দ শেষে বুধবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন এই বিএনপি নেতা। এই মামলায় খোকন ছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করা হয়েছে। এর মধ্যে যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১২৫০ ঘ.