২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিচার চাওয়ার পথ রুদ্ধ করছে সরকার’

হরতালের মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের আগাম জামিন আবেদন শুনতে আদালত বিব্রত বোধ করার পর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার উচ্চ আদালতে গিয়ে বিচার চাওয়ার পথ রুদ্ধ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “সরকার মিথ্যা মামলা করবে, তার বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়া যাবে না। আমাদের দলের শীর্ষস্থানীয় নেতারা যাতে আদালতে গিয়ে আইনের আশ্রয় নিতে না পারেন সেজন্য হাইকোর্টের সব প্রবেশ পথে পুলিশি নিরাপত্তা বসানো হয়েছে। এটা গণতন্ত্র নয়, স্বৈরতন্ত্র।” বিএনপিপন্থী আইনজীবীরা হরতালের মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের আগাম জামিনের আবেদন নিয়ে গেলে সকালে তা শুনতে বিব্রত বোধ করে হাইকোর্টের একটি বেঞ্চ। অন্য একটি বেঞ্চে গেলেও ‘শোনার এখতিয়ার নেই’ বলে তাদের আবেদন ফিরিয়ে দেওয়া হয়। নজরুল বলেন, “আমরা সরকারের কাছে দাবি জানাব, গণতন্ত্র, আইনের শাসন ও আদালতের আইনানুগ পথ রুদ্ধ করবেন না। এর পরিণতি ভয়ানক।” চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান ও দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। হাইকোর্টে বুধবার সকালে পুলিশি তৎপরতায় ক্ষোভ প্রকাশ করে নজরুল ইসলাম বলেন, “সরকার দেশটাকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। একের পর এক গুম-হত্যা হবে, তার বিচার পাওয়া যাবে না। প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলে মিথ্যা মামলা দেওয়া হবে। দেশের অবস্থাটা আজ এমনই।” “আমাদের দলের চেয়ারপার্সন ছাড়া পরবর্তী পদ থেকে শুরু করে প্রায় সব নেতাবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে” অভিযোগ নজরুলের। এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় তেজগাঁও ও শাহবাগ থানায় দুটি মামলা হয়। এই দুই মামলায় ফখরুল ছাড়াও বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, এলডিপি সভাপতি অলি আহমদ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে আসামি করেছে পুলিশ। হাইকোর্টের বিচারকদের উদ্দেশে নজরুল ইসলাম বলেন, “আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাদের আদালতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা আশা করব, বিবেকবান বিচারকরা বিষয়টি বিবেচনা করবেন। আমরা অন্যায়ের প্রতিকার চাই।” ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম বক্তব্য রাখেন। একই সময়ে জিয়া বিগ্রেডের উদ্যোগে আরেকটি মানববন্ধন কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান সরকারের ‘মামলানীতির’ কঠোর সমালোচনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৪৩৬ ঘ.