ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপি নেতারা নির্দোষ দাবি করে রফিকুল ইসলাম মিয়া বলেছেন, চলমান আন্দোলন দমনই এই মামলার উদ্দেশ্য।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মঙ্গলবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে বলেন, “গুরুত্বপূর্ণ স্থানের সামনে বোমা বিস্ফোরণের ঘটনার নাটক সাজিয়েছে সরকার। উদ্দেশ্য বিএনপি নেতাদের ফাঁসানো।”
“আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, নাটক সাজিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না,” বলেন তিনি।
ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হরতালে সচিবালয়ে বোমা বিস্ফোরণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের আসামি করে মামলা করেছে পুলিশ। সেই মামলায় যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারও করা হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, “সচিবালয় তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যেখানে রাস্তায় মানববন্ধন করতে পুলিশ বাধা দেয়, সেখানে বিএনপি নেতাকর্মীদের সচিবালয়ে বোমা ফাটানোর সুযোগ কোথায়?
“আমি মনে করি, এটা সরকারেরই সাজানো নাটক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজনই ওই বোমা ফাটিয়ে বিএনপির ওপর দোষ দিচ্ছে।”
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘গুম, হত্যা ও বিরোধী নেতা-কর্মীদের ওপর নির্যাতন বন্ধ এবং সব রাজবন্দির মুক্তি’ দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রফিকুল।
ইলিয়াস আলীকে সরকারই ‘গুম’ করেছে দাবি করে তিনি বলেন, এখন সেই ঘটনা আড়াল করতেই মামলার পথ বেছে নিয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭০২ ঘ.
bdnews24