ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর দুটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এ দুটি মামলায় পুলিশ তাকে আদালতে হাজির করে ১৫ দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে। মঙ্গলবার প্রাথমিক শুনানি শেষে আদালত আরো শুনানির জন্য ৩ মে দিন রেখেছে। ওইদিন রিজভীর জামিন আবেদনেরও শুনানি হবে।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক নওজেশ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাতবোমা বিস্ফোরণের মামলায় শাহবাগ থানা পুলিশ ১০ দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় তেজগাঁও থানা পুলিশ রিজভীকে ৫ দিনের রিমান্ডে চেয়ে মঙ্গলবার দুপুরে আবেদন করে। এর পরপরই তাকে আদালতে হাজির করা হয়।
তেজগাঁও থানার আবেদনের প্রথমিক শুনানি করে মহানগর হাকিম এরফান উল্লাহ আরো শুনানির জন্য ৩ মে দিন রাখেন। ওইদিন রাষ্ট্রপক্ষকে মামলার বিষয়ে বিস্তারিত নথিপত্র উপস্থাপন করতে বলা হয়।
শাহবাগ থানার আবেদনের প্রাথমিক শুনানি করে একই আদেশ দেন মহানগর হাকিম হাসিবুল হক। পরে দুই মামলাতেই রিজভীকে কারাগারে পাঠানো হয়।
রিজভীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া, বোরহান উদ্দিন, মাসুদ আহমেদ তালুকদারসহ অর্ধশতাধিক আইনজীবী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুসহ প্রায় ২৫ জন।
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকে টানা হরতালের প্রথম দিন রোববার সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ওই রাতেই শাহবাগ থানার এসআই হীরেন্দ্রনাথ প্রামানিক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার আসামির তালিকায় রুহুল কবির রিজভীর নাম রাখা হয় তিন নম্বরে।
এছাড়া রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে তেজগাঁও থানায় আরেকটি মামলা হয়, যাতে আসামি করা হয় বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীকে।
সোমবার হরতাল শেষে রাতে নয়াপল্টনের বিএনপি কার্যালয় থেকে ফেরার পথে কাকরাইল মোড় থেকে রিজভীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডে, গোয়েন্দা পুলিশের কার্যালয়ে।
গ্রেপ্তারের ঘণ্টা খানেক আগেই দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রিজভী। তাতে দুই দিন হরতালের পর বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলারও নিন্দা জানান।
বিএনপি দাবি করেছে, ‘মিথ্যা’ অভিযোগে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এই মামলা হয়েছে। এর পেছনে সরকারের ‘দুরভিসন্ধি’ রয়েছে।
সচিবালয়ে বোমা বিস্ফোরণের মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনকে ইতোমধ্যে তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৬৪৩ ঘ.
bdnews24