২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সচিবালয় সচল

বিএনপির নেতৃত্বে ১৮ দলের ডাকা হরতালে রোববার প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কাজ স্বাভাবিকভাবে চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নেতৃত্বে ১৮ দলের ডাকা হরতালে রোববার প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কাজ স্বাভাবিকভাবে চলছে। সকাল থেকেই সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক ছিল। তবে কর্মকর্তা ও কর্মচারীদের অনেকেই সচিবালয়ে উপস্থিত হওয়ার পরই পার্শ্ববর্তী ওসমানী মিলনায়তনে যান। সেখানে বঙ্গবন্ধু কৃষি পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রিত সব কর্মকর্তা সেখানে ছিলেন। অনুষ্ঠান শেষে এসব কর্মকর্তাকে আবারো সচিবালয়ে নিজ নিজ দপ্তরে ফিরতে দেখা যায়। অনেক মন্ত্রীও নির্দিষ্ট সময়ের মধ্যেই তার কার্যালয়ে উপস্থিত হন এবং কর্মকর্তাদের কাছে হরতালের খোঁজ খবর নেন। তবে নিজ এলাকায় থাকায় কয়েকজন মন্ত্রী সচিবালয়ের কার্যালয়ে আসেননি। অন্য যেকোনো হরতালের দিনের চেয়ে রোববার সচিবালয়ে দর্শনার্থীর উপস্থিতি ছিল অনেক বেশি। সচিবালয়ের আশপাশের নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত জোরদার। সব প্রবেশপথ ছাড়াও দেওয়ালের পাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হরতালকে কেন্দ্র করে সকাল থেকেই সচিবালয়ে কর্মীদের আসা শুরু হয়। অনেকেই নির্ধারিত সময়ের আগেই এসে কার্যালয়ে উপস্থিত হন। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোববারও একই কর্মসূচি দেওয়া হয়। রোববার সকাল-সন্ধ্যা হরতালের পর সোমবারও দিনব্যাপী হরতাল ডেকেছে বিরোধী দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৪০৪ ঘ.