২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মারধর: দায়ী পুলিশের বিচার দাবি

দৈনিক পূর্বকোণের প্রতিবেদক খোরশেদুল আলম শামীমের ওপর হামলার ঘটনায় ‘দায়ী’ পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 04:29 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক পূর্বকোণের প্রতিবেদক খোরশেদুল আলম শামীমের ওপর হামলার ঘটনায় ‘দায়ী’ পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি জানান। সিইউজে সভাপতি শহীদুল আলম সমাবেশে বলেন, “একজন কর্মরত সাংবাদিকের পরিচয় জানার পরও পুলিশের পরিকল্পিত এই হামলা এবং ল্যাপটপ, মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।” অবিলম্বে শামীমের ওপর ‘হামলা ও জিনিসপত্র ছিনতাইয়ের’ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। দাবি পূরণ না হলে আন্দোলন আরো জোরদার করা হবে বলে হুঁশিয়ার করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। সাংবাদিক নেতাদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় নগরীর মুরাদপুর মোড়ে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ কর্মস্থলে যাওয়ার সময় কয়েকজন পুলিশ সদস্য মোটরসাইকেলের কাগজ পরীক্ষার নাম করে খোরশেদুল আলম শামীমকে মারধর করে এবং শামীমের ব্যবহৃত একটি ল্যাপটপ, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। আহত শামীম বর্তমানে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শহীদুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএফইউজে সহ-সভাপতি মোস্তাক আহমদ, সিইউজে সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, এজাজ ইউসুফী, তপন চক্রবর্তী ও ফারুক তাহের সমাবেশে বক্তব্য রাখেন। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার বনজ কুমার মজুমদার জানান, শুক্রবার রাতে শামীম পাঁচলাইশ থানায় পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করার পর তাদের প্রত্যাহার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/জেকে/১০২৫ ঘ.