ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ পদ থেকে তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগপত্র দেওয়ার ঘটনা ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার শওকত আলী।
সোমবার সংসদ ভবনে নিজের বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন, স্পিকার আব্দুল হামিদ পদত্যাগপত্রটি হাতে পাওয়ার পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
ডেপুটি স্পিকার বলেন, “স্পিকার ঢাকার বাইরে রয়েছেন। তিনি পদত্যাগপত্র হাতে পাওয়ার পর থেকে তা কার্যকর হবে। এরপর আসনটি শূন্য করার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন স্পিকার।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডেপুটি স্পিকার বলেন, “তার (সোহেল তাজ) পদত্যাগপত্র দেওয়াটা দুঃখজনক। তার মতো নেতার প্রয়োজন ছিল রাজনীতিতে। তবে এসব ঘটনা রাজনীতির অংশ। দল এগুলো ওভারকাম করবে।”
গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সোহেল তাজ সোমবার সকালে তার এপিএস আবু কাওসারের মাধমে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। সংসদ সদস্যের প্যাডে লেখা এই পত্রে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি তিনি।
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ২০০৯ সালের ৩১ মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24