২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাগাতার হরতালের হুমকি বিএনপির

“যে মুহূর্তে ইলিয়াস আলীকে হাজির করা হবে, সেই মুহূর্তে হরতাল প্রত্যাহার করা হবে। অন্যথায় লাগাতার হরতাল চলবে,” বললেন বিএনপির মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান সরকার দিতে না পারলে লাগাতার হরতালের হুমকি দিয়েছে বিএনপি। রোববারের হরতালের প্রত্যাহারে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আহ্বানের জবাবে বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হুমকি দেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শুক্রবার দলের এক সভায় বলেন, “৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে, ইলিয়াস আলীকে পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী রোববারের হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। “আমরা বলব, যে মুহূর্তে তাকে হাজির করা হবে, সেই মুহূর্তে হরতাল প্রত্যাহার করা হবে। অন্যথায় লাগাতার হরতাল চলবে।” ইলিয়াস আলীকে ‘গুম’ করা হয়েছে দাবি করে রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। এই হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে সাহারা খাতুন শুক্রবার বলেন, “বিরোধী দলকে আমরা হরতাল প্রত্যাহারের আহ্বান জানাই। কারণ আমাদের সরকার ইলিয়াস আলীকে খোঁজার সর্বাত্মক চেষ্টা করছে।” রোববার হরতাল সফলে শুক্রবার বিকালে নয়া পল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে দলীয় ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে সভা করেন ফখরুল। ওই সভায়ই লাগাতার হরতালের হুমকি দেন তিনি। ফখরুল দলীয় নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, “আজ ইলিয়াস আলী গুম হয়েছে। কাল আমিও নিখোঁজ হয়ে যেতে পারি। তাই এখন আর চুপ করে বসে থাকার সময় নেই। হরতালে আমাদের সবাইকে রাস্তায় নেমে আসতে হবে।” সভায় সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। ঢাকার সব ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলররা বৈঠকে ছিলেন। ফখরুল বলেন, “এভাবে গুম ও হত্যা-নির্যাতন চালিয়ে আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। যত গুম ও হত্যা করেন না কেন, আন্দোলন আরো শক্তিশালী হবে।” বর্তমান সরকার জনগণের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, “ইলিয়াস আলীর মতো নেতার যেখানে জীবনের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়।” গত মঙ্গলবার মধ্যরাত ঢাকার বনানীর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি ইলিয়াস আলী নিখোঁজ। সরকার তাকে গুম করেছে বলে দাবি করে আসছে বিএনপি। খালেদা জিয়া বলেছেন, র‌্যাবের ‘লোকরা’ বিএনপি নেতাকে ধরে নিয়ে গেছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইলিয়াস আলী আত্মগোপন করেছেন এবং বিএনপি তা নিয়ে ‘নাটক’ করছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, “বিএনপি লুকিয়ে রাখার রাজনীতি করে না। ওই ইতিহাস আওয়ামী লীগের রয়েছে, বিএনপির নেই।” জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্বও প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন বিএনপির মুখপাত্র। বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির মিছিলে পুলিশি হামলারও নিন্দা জানান তিনি। ইলিয়াস আলী ‘গুমের’ প্রতিবাদে শনিবার রাজধানীর সব ওয়ার্ডে মিছিল বের করতেও সভায় নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সভায় নবগঠিত ১৮ দলীয় জোটের পক্ষে এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯০৬ ঘ.