ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিনেতা ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ‘বিদ্রুপাত্মক’ বলে মনে করে বিএনপি।
অবিলম্বে ইলিয়াস আলীর ‘সন্ধান’ না দিলে সরকার পতনের লক্ষে আন্দোলন করা হবে বলেও সতর্ক করেছে বিএনপি।
দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বলেন, “আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী নিখোঁজ ইলিয়াস আলীকে খুঁজে বের করতে আন্তরিক চেষ্টা করবেন।
“উপরন্তু তিনি আজকে এক আলোচনা সভায় এ নিয়ে বিদ্রুপ-উপহাস করেছেন। উল্টো তিনি এই ঘটনার জন্য বিএনপিকে দোষারোপ করেছেন।”
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস মঙ্গলবার মধ্যরাত থেকে ‘নিখোঁজ’ বলে থানা ও আদালতে অভিযোগ করেছে তার পরিবার।
এরপর একদিন পেরিয়ে গেলেও পুলিশ তার কোনো খোঁজ দিতে না পারায় বিএনপি অভিযোগ করেছে, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইলিয়াসকে ‘গুম’ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, “গুমের রাজনীতি বিএনপিই শুরু করেছে। আমরা গুমের রাজনীতি করি না। তারা নিজেরা নিজেদের লোক মেরে আমাদের ওপর দোষ চাপায়।
“বিএনপির চরিত্র হলো, নিজেরা অঘটন ঘটাবে। আর যা হবে- তার দোষ চাপাবে আওয়ামী লীগের ওপর।”
বিকালে মহানগর বিএনপির উদ্যোগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে এর জবাব দেন মির্জা ফখরুল। ইলিয়াস আলীকে ‘গুম’ করার প্রতিবাদে বিএনপি এ সমাবেশ করে। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাবে যেতে চাইলে পুলিশ মিছিলটি লাঠি চার্য করে পণ্ড করে দেয়।
ইলিয়াস আলীকে ‘ফিরিয়ে দেওয়ার’ দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সরকারের লোকজন তাকে তুলে নিয়ে গেছে। আমরা আজো তার খোঁজ পাইনি। তিনি জীবিত না মরে গেছেন- কিছুই জানি না।
“সরকারকে বলব, এখনো সময় আছে, ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন।”
“প্রধানমন্ত্রীকে বলব, টাল-বাহানা না করে এই মুহূর্তে ইলিয়াস আলীকে ফেরত দিন। তা না হলে বিদায়ের জন্য আপনারা প্রস্তুত হন,” যোগ করেন ফখরুল।
১৯৭২-৭৫ সালে ৩৪ হাজার রাজনৈতিক কর্মীকে আওয়ামী লীগ হত্যা করে- এ দাবি করে ফখরুল বলেন, “এজন্য দেশের মানুষ তাদের ২১ বছর ক্ষমতায় যেতে দেয়নি।”
“এবার ক্ষমতায় এসে তারা অসংখ্য মানুষকে গুম ও হত্যা করেছে। ইতিহাস বলে গুম করে কোনো সরকার টিকে থাকতে পারেনি। এই সরকারও পারবে না।”
বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি রোববার দেশব্যাপী বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সফল করার আহবান জানান তিনি। ইলিয়াস ‘নিখোঁজের’ প্রতিবাদে এ হরতাল ডেকেছে বিএনপি।
বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “ইলিয়াস আলীকে সরকার ফেরত না দিলে শুধু হরতালই নয়, আগামীতে কঠিন কর্মসূচির মাধ্যমে তাদের (সরকার) পতন ত্বরান্বিত করা হবে।”
বিএনপির মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান প্রমুখ নেতারা বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০২৮ ঘ.
bdnews24